স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা সন্তানকে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) নুরুল ইসলামের পুত্র ডা. রফিকুল ইসলাম ইউপি কার্যালয়ে তার বাবার জন্ম নিবন্ধন কার্ড আনতে গেলে এ ঘটনা ঘটে তার সাথে। ইউপি সচিব কেএম রুহুল
আমিন মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্ম নিবন্ধন কার্ডের নিবন্ধন ফরমটি চেয়ারম্যানের কাছে নিয়ে যান। এসময় ইউনি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল ইউপি সচিবের কাছে জানতে চান এই কার্ডটি কার। এসময় সচিব বলেন ডা. রফিকের বাবা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের। সাথে সাথে তিনি সচিবকে অকথ্য ভাষায় গালি গালাজ করে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যাবার জন্য বলেন।
এ ঘটনার শুক্রবার বিকেলে বোগলাবাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদিরের নেতৃত্বে ইউনিয়ন কমান্ড কর্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বোগলাবাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির বলেন, ‘ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের কাছ থেকে এধরনের আচরণ জনগণের কাম্য নয়। আমাদের মুক্তিযোদ্ধার সন্তানকে অপমান করায় চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের এধরনের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুক্তিযোদ্ধা সন্তান ডা. রফিকুল ইসলাম বলেন,‘আমার বাবার জন্ম নিবন্ধন কার্ডের জন্য শুক্রবার সকালে আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। নিবন্ধন ফরমটি ইউনিয়ন পরিষদের সচিব সাহেব চেয়ারম্যানের কাছে নিয়া গেলে তিনি আমার সামনেই সচিবকে ইচ্ছামত গালাগাল করেন। এসময় তিনি আমাকে বলেন,‘ মুক্তিযোদ্ধারা আসলেই কি আমাকে সব করতে দিতে হবে নাকি, তারাই কি সব। আমি সব মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন দেই না, বেরিয়ে যান অফিস থেকে।’
এবিষয়ে বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমি কাউকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেইনি। আমি বলেছি রবিবারে আসার জন্য। রবিবারে আসলে তাদের কাগজপত্র সম্পূর্ণ পরীক্ষা নীরিক্ষা করে জন্ম নিবন্ধন দিয়ে দেব।’


