বিন্দু তালুকদার, শ্রীমন্তপুর থেকে ফিরে
তাহিরপুর উপজেলার ফাজিলপুর থেকে বালি-পাথর ও ট্যাকেরঘাট থেকে কয়লা পরিবহনে নৌ পথে চরম সংকট তৈরি হয়েছে। জেলার তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জের উপর দিয়ে প্রবাহিত বৌলাই নদীর শ্রীমন্তপুর অংশে প্রায় ৩ কিলোমিটার তলদেশ অস্বাভাবিকভাবে ভরাট হয়ে পড়েছে।
জরুরী ভিত্তিতে বৌলাই নদীর এই অংশ খনন না করলেও এই নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে বলে দাবি করেছেন নৌযান শ্রমিকরা। এতে সুনামগঞ্জের বালি-পাথর ও কয়লা ব্যবসায় ধস নামতে পারে। নদীতে পলি ভরাটের ফলে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুরমা ও বৌলাই নদীর মিলনস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। বৌলাই নদীর জামালগঞ্জ অংশের শ্রীমন্তপুর-শুকদেবপুর থেকে মিলনপুর গ্রাম পর্যন্ত নৌ যানজট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে নদীর ওই অংশে কয়েক’শ বালি-পাথর ও কয়লা পরিবহনবাহী নৌকা আটকা পড়ে রয়েছে। নদীতে অনেক নৌযান এলোমেলোভাবে রয়েছে, যে কোন সময় নৌযান ডুবে বড় দুর্ঘটনার আশংকা রয়েছে।
এদিকে বৌলাই নদীর ভরাটকৃত এই অংশ খননে জেলা পানি উন্নয়ন বোর্ড উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের কর্মকর্তারা ভরাটকৃত নদী খনন করে নৌ যান চলাচল করার সুযোগ করে দিতে তৎপর নন। যেখানে জরুরী খননের প্রয়োজন নেই সেখানেই (নদীর উজান অংশে) তারা আগে খনন করছে।
তিনি আরো বলেন,‘ বর্তমান সময়ে বালি-পাথর ও কয়লা ব্যবসা সুনামগঞ্জের প্রাণ। তাই নদীর নাব্যতা সংকটের কারণে কোনভাবেই এই
ব্যবসা বন্ধ হতে দেয়া যাবে না। বৌলাই নদীর এই অংশ দ্রুত খনন করতে আমি নৌ মন্ত্রীর সাথে দেখা করব ও দাবি জানাবো।’
রবিবার দুপুরে সরেজমিনে বৌলাই নদীতে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ এলাকার বালি ভর্তি বাল্কহেড উস্মিতা-২ নদীর মাঝে উত্তর-দক্ষিণ ভাবে আটকা পড়ে রয়েছে। এর পেছনে আটকা পড়েছে ফরিদপুর এলাকার ভাই-ভাই এক্সপ্রেস। ভাই-ভাই এক্সপ্রেসের উত্তর দিকে আটকে আছে ফরিদপুর এলাকার বাল্কহেট এমভি মাছুম। এসব বাল্কহেডের পশ্চিম অংশে আটকা পড়েছে বাজিতপুরের এমভি মাসুদসহ পাথর পরিবহনকারী ও বালি পরিবহনকারী আরো অনেকটি বাল্কহেট। শুধু এসব বাল্কহেডই নয় বৌলাই নদীর এই তিন কিলোমিটার অংশে শত শত বাল্কহেড আটকা রয়েছে।
আটকে পড়া বিভিন্ন বাল্কহেডের সুকানী, বেপারী ও শ্রমিকরা জানিয়েছেন নৌ যানজটের কারণে কেউ ৪-৫ দিন আবার কেউ এক সপ্তাহ ধরে নদীতে আটক পড়েছেন। নৌকায় বসে বসে খাওয়া ছাড়া আর কিছুই করা সম্ভব হবে না। সবাই সুযোগ না পেলেও কেউ কেউ ছোট ছোট নৌকার মাধ্যমে বালি-পাথর কমিয়ে সুরমা নদীতে ঢুকছেন। যার কারণে নদীতে বসেই বাল্কহেডের ভাড়া গুনছেন নৌ শ্রমিকরা।
শ্রীমন্তপুর গ্রামের কৃষক আলী হামজা বলেন,‘বৌলাই নদী প্রতি বছরই পলি পড়ে ভরাট হচ্ছে। এক সময় পৌষ-মাঘ ও ফাল্গুন মাসে নদীতে নৌকা আটকা পড়ত। নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এখন অগ্রহায়ন মাসেই ছোট ছোট নৌকা আটকে যায়। নদীতে নৌকা আটকে যাওয়ার পর শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। আমাদের গ্রামের পাশে এই ঘটনা ঘটায় আমাদের এসব দেখতেও বেশ কষ্ট লাগে। কিন্তু আমাদের করার মতই কিছুই থাকে না। দিনে পর দিন, এমনকি সপ্তাহ খানেকও চেষ্টা করে অনেকেই এই অংশ পাড় হতে পারে না। ’
বরিশাল এলাকার বাল্কহেডের শ্রমিক রফিক মিয়া বলেন,‘ভাই এই নদীর মাত্র কয়েক কিলোমিটার জায়গা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যা দেখা দিয়েছে। দিনের পর দিন বসে থেকে ও অনেক চেষ্টার পর যখন কোন রাস্তা পাওয়া যায় না তখন অনেকেই মাল (বালি-পাথর) ফেলে চলে যাওয়ার চেষ্টা করেন।’
ফরিদপুর এলাকার বাল্কহেড এর বেপারী আনার মিয়া বলেন,‘ নদীতে নৌকা আটক থাকার কারণে গত ৪-৫ দিন ধরে এক স্থানেই আছি। অনেক চেষ্টা করছি কিন্তু নৌকা কোনভাবেই সামনে আগাচ্ছে না। অনেক কষ্ট করে প্রায় সবটুকু জায়গা চলে আসলে কয়েক’শ ফুটের জন্য সুরমা নদীতে ঢুকতে পারছি না। আমাদের নৌকাটি বাম দিকে কাত হয়ে আছে যে কোন সময় ডুবে যেতে পারে। ’
মুন্সিগঞ্জের উস্মিতা-২ এর সুকানী সাইদুল মিয়া বলেন,‘আমাদের নৌকাটি গত ৫দিন ধরে এখানে আটকা আছে। কবে কোন সময় এখান থেকে যেতে পারব তা বলা যাচ্ছে না। মাত্র দুই আড়াই কিলোমিটার নদী খনন করলেই এই সমস্যার সমাধান হবে। কিন্তু আমাদের এই দূরাবস্থা দেখার কেউ নেই।’
গজারিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল রানা বলেন,‘ বৌলাই নদীর এই অংশে ছোট করে করে খালের মত খনন করা হলেও সুনামগঞ্জের বালি-পাথর ও কয়লার ব্যবসা টিকে থাকত। না হলে শুধুমাত্র নাব্যতা সংকটের কবলে পড়ে আমাদের এলাকার ব্যবসা-বাণিজ্যের বারোটা বাজাবে। দ্রুত নদী খননের দাবি জানান তিনি।
এ ব্যাপারে কথা বলতে রবিবার বিকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিসে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। এরপর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনের সাথে কথা বলতে বেশ কয়েকবার চেষ্টা করলেও ফোন রিসিভ করেন নি তিনি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়ে তার কোন সাড়া পাওয়া যায়নি। উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জেলা সদরের বাইরে জানিয়ে এ প্রতিবেদককে বলেন,বৌলাই নদীর নাব্যতা সংকট ও নৌ যানজটের বিষয়ে তিনি কিছুই জানেন না। সুনামগঞ্জের এসে খোঁজ খবর নিবেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী (এসও) নিহার রঞ্জন দাস বলেন,‘আমি মাত্র কয়েকদিন হয় সুনামগঞ্জে যোগদান করেছি। সার্বিক বিষয়টি আমার জানা নেই। তবে যতটুকু জানি বৌলাই নদীর জামালগঞ্জ অংশ খনন করার জন্য কোন প্রকল্প চলমান নেই।’
- হাওরে ৮ কিলোমিটার ফ্লাইওভার হবে -রতন
- টেলিকনফারেন্সে দিরাই ও শাল্লায় প্রার্থী ঘোষণা করলেন সুরঞ্জিত সেনগুপ্ত


