ব্যালট বাক্সে হাত দিলেই গুলি -পুলিশ সুপার

এমএ রাজ্জাক, তাহিরপুর
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন,‘শুধুমাত্র নির্বাচন কেন্দ্রের বাইরে বসে পাহাড়া দিলে চলবে না, ভোট কেন্দ্রের চার শ’ গজের ভিতরে কি হ্েচ্ছ না হচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন ভোটারের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমাদের একথা কাজে কর্মে মানুষকে বুঝিয়ে দিতে হবে। ভোটগ্রহণ শেষ হলে ভোট গণনার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সবশেষে কেন্দ্রের ব্যালট বাক্স ও প্রিজাইডিং অফিসারসহ সকল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদেরকে উপজেলা সদর পর্যন্ত নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে। কোন ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইলে প্রথমে তাকে বুঝিয়ে বলবেন। তাতে কাজ না হলে লাঠিচার্জ করবেন, তাতেও না হলে ফাঁকা গুলি ছুড়বেন, আর কেউ যদি ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্সের দিকে হাত বাড়ায় তাহলে তাঁর ঐ হাতটি ভেঙে গুড়িয়ে দিবেন। তাতে যদি কাজ না হয় পায়ে গুলি করবেন এবং এতেও যদি কাজ না হয় শর্টগান দিয়ে গুলি করে দাঁত ভাঙা জবাব দিবেন। সে যেই হোক না কেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ কাউকেই ছাড় দিবে না। এতে যদি আপনাদের কোন সমস্যা হয় আমি দেখব।’
শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা ফুটবল খেলার  
 মাঠে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্বাচন পুর্ব ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্।
প্রসঙ্গত, আজ শনিবার জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুসহ চার উপজেলার ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।