সিলেট অফিস
সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (২৪) হত্যা মামলার পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতে (এমএম-২) গত ২৮ আগস্ট দাখিল করা অভিযোগপত্রের শুনানি শেষে বিচারক হরিদাস কুমার এ নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৩ নভেম্বর ধার্য করা হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সাংবাদিকদের জানান, অভিযোগপত্রে আসামিদের নাম ও ঠিকানাসহ বিভিন্ন বিষয়ে কিছু ত্রুটি থাকায় আদালত পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
অনন্ত বিজয় দাশ পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখার ডেভেলপমন্টে অফিসার পদে কর্মরত ছিলেন। গত বছরের ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হলে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ যুক্তি নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত।
হত্যার পরপরই ‘আনসার বাংলা-৮’ নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করেছিল। ঘটনার পরদিন অনন্তের বড় ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে মামলার এজহারে অভিযোগ করা হয়। পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে স্থানাস্তর হয়।
এমএম-২ আদালতের সরকারি কৌঁসুলির দপ্তর সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ঢাকা অঞ্চলের পরিদর্শক আরমান আলী ২৮ অগাস্ট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযুক্ত পাঁচজন হচ্ছেন, সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুড় গ্রামের আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের হারুনুর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪) এবং ফালজুড় গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪)।
এদের মধ্যে মান্নান ইয়াহইয়া ও আবুল খায়ের কারাগারে আছেন, বাকিরা পলাতক।
অভিযোগপত্রে সন্দেহভাজন হিসেবে আটক ও পরে জামিনে মুক্তি পাওয়া দৈনিক সংবাদ এর সিলেটের আলোকচিত্রী ইদ্রিস আলীসহ ১১জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তার হওয়া ‘উগ্রপন্থী ব্লগার’ শফিউর রহমান ফারাবীও রয়েছেন। অভিযোগপত্রে এদেরকে মামলায় সন্দেহভাজন ১১জনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
- ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৬’ মনোনীত হয়েছেন কবি শামীম আজাদ এবং নাজমুন নেসা পিয়ারি
- দক্ষিণ সুনামগঞ্জে ১ লক্ষ টাকা লুটের অভিযোগ


