স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরতলীর গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের চিহ্নিত তিন মোটরসাইকেল চোর জাকির হোসেন, নজির হোসেন ও কাঁচা মিয়াকে গ্রেফতার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সদর থানার এক এসআই ও দুই পুলিশ সদস্য। আহত এসআইয়ের নাম মীর কায়েছ ও পুলিশ সদস্যদের নাম হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় বড়ঘাট গ্রামের পশ্চিমে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। তবে এসময় মোটরসাইকেল চোরদের আটক করতে পারে নি। আটককৃতরা হলেন, বড়ঘাট গ্রামের আব্দুল হামিদ, জসিম উদ্দিন, গোলাম রব্বানী, আব্দুল হাই, আব্দুল কুদ্দুছ, বাহাউদ্দিন, জান্নাত পারভেজ শুভ, তাহের মিয়া, মঈনুল হক ও নূরুল আমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ঘাট গ্রামের জাকির হোসেন, নজির হোসেন ও কাঁচা মিয়া চিহ্নিত তিন মোটর সাইকেল চোর। এরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় ধরা পরার পর তাদের বিরুদ্ধে শালিস বিচারও হয়। পরে পুলিশ জানতে পারে ওই তিনজনই আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিন মোটরসাইকেল চোরকে আটক করতে পুলিশ বড়ঘাটে অভিযান চালায়। এসময় পুলিশের উপর হামলা চালায় তারা। হামলায় এসআই মীর কায়েছ, পুলিশ সদস্য হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে এবং মোটরসাইকেল চোরকে আটক করতে অভিযান চালায়। সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


