বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি জয় উৎসর্গ আইভীর

সু.খবর ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নিজের বিজয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, বিজয়ের মাসে আরেকটি বিজয় হবে।’ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
আইভী বলেন, ‘অগণিত মানুষের আস্থা ও ভালোবাসার কারণে এই বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে আস্থা রেখে নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন, সেই নৌকার মান নারায়ণগঞ্জবাসী রেখেছেন বলে তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের প্রতি, যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি; যাঁরা বেঁচে আছেন, তাঁদের প্রতিও।’
আইভী বলেন, ‘একদম তৃণমূল নেতা-কর্মী থেকে সবাই আমার জন্য কাজ করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দলমত-নির্বিশেষে সব স্তরের মানুষের প্রতি। সব দল ও ধর্মের মানুষ আমার জন্য কাজ করেছে এবং এই বিজয় এনে দিয়েছে।’
সাখাওয়াতের সঙ্গে দেখা করা প্রসঙ্গে আইভী বলেন, ‘তিনি যদি অনুমতি দেন, তাহলে আমি কাল সকালেই তাঁর বাসায় যেতে চাই। তাঁর সঙ্গে বসে নাশতা খেতে চাই।’