সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের সহোদরা (১৫)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সদ্য প্রয়াত রামেন্দু ভূষণ রায় ও ঊষা রায়ের পাঁচ সন্তানের চার কন্যাই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করার পর সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে স্নাতক পর্যন্ত অধ্যয়ন করেছেন। ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁদের পদচারণা। নাচ, গান, আবৃত্তি, গীতিনাট্য ইত্যাদিতে পারফরমেন্স করে আনন্দধারায় ভরিয়ে তুলতেন মনোরম পরিবেশকে। আর এসব করার জন্য যিনি উৎসাহ,  অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দিয়েছেন, তিনি তাঁদের মা ঊষা রায়।  আজকের ‘আমাদের সহোদরা’ তে এই চার কন্যা সম্পর্কে জানানোর প্রয়াসে তাঁদের স্বকীয় স্বতন্ত্র অবস্থান তুলে ধরা হলো।
(১) উৎপলা চৌধুরী :- এসএসসি ১৯৮৪। এইচএসসি ১৯৮৬ এবং স্নাতক ১৯৮৮। পেশায় গৃহিণী এই কন্যার পরিবারিক জীবনে স্বামী (অবসরকলীন অবকাশে থাকা জি এম, বাংলাদেশ ব্যাংক) ও একজন করে ছেলে মেয়ে নিয়ে রাজধানী ঢাকায় বাস করছেন। সুখ-শান্তিময় সংসারে থেকে নিরলসভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি সদা সচেষ্ট। পরিবারের সবাইকে সাথে নিয়ে দেশের বাইরে ভ্রমণের স্মৃতিই মানসপটে অন্যতম সুখ স্মৃতি। জঙ্গি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে অগ্রগামী ভূমিকায় থেকে জয়ী হতে হবে, প্রজন্মের প্রতি এই প্রত্যাশাই করেন উৎপলা চৌধুরী।
(২) উর্মিলা চৌধুরী :- এস এস সি ১৯৮৬। এইচ এস সি ১৯৮৮ এবং স্নাতক ১৯৯০।  লন্ডনের একটি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ১৯৯১-এ বিয়ের দুই বৎসরের মাথায় যুক্তরাজ্য প্রবাসী এই      
কন্যার স্বামী একটি বেসরকারী স্বাস্থ্য সংস্থার সিনিয়র ম্যানেজার ও একমাাত্র সন্তানটি কলেজে পড়ছে। মেয়েটির জন্মের সাথে সাথে মা হয়ে ওঠার স্মৃতি জীবনের সর্বশ্রেষ্ঠ সুখের স্মৃতি। জঙ্গি ও দুর্ণীতিমুক্ত স্বদেশের প্রত্যাশা ব্যক্ত করেছেন বর্তমান প্রজন্মের কাছে।
(৩) শর্মিলা রায় :- এস এস সি ১৯৮৮। এইচ এস সি ১৯৯০ এবং স্নাতক ১৯৯২। এল এল বি পড়ার সময় লন্ডন চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ায় সফলতা অর্জন সম্ভব হয়নি। লন্ডনের একটি ফুড ও ব্রেভারেজ ডিপার্টমেন্টে কাজ করেন। স্বামী ও এক বৎসরের ছেলেকে নিয়ে পারিবারিক জীবনে তিনি যুক্তরাজ্য প্রবাসী বাঙালি। বিয়ের পর প্রবাস জীবনে পাড়ি দেয়ার পর প্রথম প্রথম হোঁচট খেয়ে খেয়ে সংসার গুছানোর স্মৃতি জীবনের সুখের স্মৃতিতে উজ্জ্বল। বৈশ্বিক উত্তাপের কুপ্রভাব থেকে বিশ্বকে মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গির অনুশীলনে যতœশীল হতে হবে প্রজন্মের কাছে এ- ই তাঁর প্রত্যাশা।
(৪) উজ্জ্বলা রায় :- এস এস সি ১৯৯১। এইচ এস সি ১৯৯৩ এবং স্নাতক ১৯৯৫। আদর্শ গৃহিনীর ভূমিকায় স্বার্থকতা নিয়ে এগিয়ে চলা উজ্জ্বলা সংসারের খুঁটিনাটি সবকিছু তদারকি করার সাথে সাথে স্বামী সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনেও আন্তরিক ও সচেষ্ট। স্বামী ও তিন সন্তান নিয়ে পরিপাটি, গোছানো পারিবারিক জীবনে কোলকাতায় থেকে সুখ ও শান্তিতে দিন কাটাচ্ছেন। তাঁর বড় মেয়েটি পড়ালেখার পাশাপাশি ফ্যাশন শো করে চলেছে। ইতিমধ্যেই একটি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবিতেও অভিনয় করেছে। মেঝ মেয়েটিও খেলা বিশেষ করে বিভিন্ন রকমের আউটডোর খেলায়  পারদর্শী। স্বামী প্রদীপ রায় ‘আশ্চর্য প্রদীপ’ নামের ছায়াছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। পরিবারের সবাই ঘুরে বেড়াতে পছন্দ করেন। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ স্থান ও তীর্থস্হানসহ প্রায় গোটা দেশটাই সবাই মিলে ঘুরেছেন এবং ঘুরছেন। বড় মেয়েটির জন্মের সাথে সাথে একজন মা হওয়ার অভিজ্ঞতা অর্জনের সেই সময়ের স্মৃতিই জীবনের শ্রেষ্ঠ সুখের স্মৃতি। শুধু স্বাস্থ্যবান ও ধনবান হওয়া জীবনের কাম্য হতে পারে না। সুস্থ ধারার মানবিক গুণাবলী অর্জন করে মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে হবে-প্রজন্মের প্রতি এমনটাই প্রত্যাশা রেখেছেন তিনি।
জন্মস্থান সুনামগঞ্জে বেড়ে ওঠা- এই শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে শিক্ষার পাঠ শেষে সংসারী হিসেবে শহর ছেড়ে দেশে ও বহির্বিশ্বে ছড়িয়ে পড়েও সংসারে ও কর্মক্ষেত্রে ভূমিকা রাখার পাশাপাশি সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে সচেষ্ট এই চার সহোদরার প্রতি থাকলো অশেষ শুভকামনা।