স্টাফ রিপোর্টার
শহরের সুমন মিয়া (২০) নামের এক ছিনতাইকারীর বাসার মাটির নিচ থেকে রিভলভার ও ধারালো ছোড়া উদ্ধার করেছে। সে শহরের বড়পাড়া আবাসিক এলাকা শ্যামলী ১৮১ নং বাসার সৈয়দ মিয়ার ছেলে। সোমবার ভোর রাতে সুমন মিয়ার বাসার কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই মো. সাইফুর রহমান সফিক।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ লেগুনা স্ট্যান্ডের লেগুনা চালক সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের
ইসলামপুর গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন শনিবার রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ইকবাল নগরের হাছন তোরণের কাছে পথ আটকিয়ে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বড়পাড়ার সুমন মিয়া, তাহিরপুর উপজেলার বীরনগরের সামছুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২২)সহ আরো ৩-৪ জন। এসময় চালক আফাজ উদ্দিন ছিনতাইকারী সুমন মিয়া ও আলমগীর হোসেনকে চিনে ফেলে। পরদিন রবিবার ছিনতাইয়ের বিষয়টি লেগুনা স্ট্যান্ড কর্তৃপক্ষকে অবগত করেন তিনি। বিকালে লেগুনা স্ট্যান্ডের লোকজন ছিনতাইকারী সুমন মিয়া ও আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় লেগুনা চালক আফাজ উদ্দিন বাদী হয়ে সুমন মিয়া ও আলমগীর হোসেনসহ আরো ৩ জনকে আসামী করে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত সুমন মিয়া ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সুমনের দেয়া তথ্য অনুযায়ী এসআই মো. সাইফুর রহমান সফিক সোমবার ভোর রাতে তার বাসার মাটি খুঁড়ে একটি রিভলভার ও একটি ধারালো ছোড়া উদ্ধার করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার সদর থানার এসআই মো. সাইফুর রহমান সফিক বাদী হয়ে আটককৃত সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে একটা মামলা দায়ের করেন।
দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. সাইফুর রহমান সফিক দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, আটককৃত সুমন মিয়া ও আলমগীর হোসেন লেগুনা চালক আফাজ মিয়ার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছিল। এ ঘটনায় লেগুনা স্ট্যান্ডের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এবং চালক বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। আটককৃত সুমন মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্য অনুযায়ী একটি রিভলভার ও ছোড়া উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের হয়েছে।


