বড়পাড়ায় মাদক ব্যবসার পাল্টা অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকায় মাদক ব্যবসার পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে জেলা প্রশাসক বরাবরে। সম্প্রতি বড়পাড়া বিবির মোকামের নিকট ঘর নির্মাণ করে মাদক ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ দায়ের হয়েছিল। এই অভিযোগ দায়েরের পর একই এলাকার মৃত আব্দুল জাহানের ছেলে মো. আনোয়ার হোসেন পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করে তিনি উল্লেখ করেছেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগকারী নাজিম উদ্দিন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন- নাজিম উদ্দিন ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এসব অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি বলেন,‘প্রকৃতপক্ষে মৃত সুন্দর আলীর ছেলে আলাল মিয়া ঐ এলাকায় গাঁজা ও মদের ব্যবসা করে আসছে’।