স্টাফ রিপোর্টার
শহরের বিলপাড় এলাকায় একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, শনিবার ভোররাতে শহরের বিলপাড় এলাকার বাসিন্দা নান্টু পালের বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসায় প্রবেশের কলাপসেবল গেইটের দু’টি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। বাসায় ঘুমন্ত লোকজনের বেড রুমের দরজায় বাইরের দিক থেকে লক্ করে এবং পাশাপাশি আরও দুইটি রুমের কয়রা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করে। পরে দু’টি স্টিলের আলমিরার ভেতরের সিন্দুক হতে নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং প্রায় ২২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় সদর মডেল থানায় নান্টু পাল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার আইও এসআই প্রদীপকুমার চক্রবর্তী ও এ.এস.আই শিবানী তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।’
এদিকে শহরের বড়পাড়া এলাকার অ্যাড. আবুল মাজন তালুকদারের বাসায় শুক্রবার রাতে চুরি হয়েছে। চোরেরা বাসার তালা ও গ্রীল ভেঙে লেপটপ, স্বার্ণালংকার ও নগদ টাকা সহ কাপড় চোপড় নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন অ্যাড. আবুল মাজন তালুকদার।
জিডি সূত্রে জানা যায়, ঘটনার দিন বাসার মালিক অ্যাড. আবুল মাজন তালুকদার বাইরে ছিলেন এবং বাসায় তালা দেয়া ছিল। শনিবার বেলা ১১টায় বাসায় ফিরে তিনি বাসার তালা, গ্রীলে ভাঙা ও বাসার সককিছু তছনছ করা দেখতে পান।


