স্টাফ রিপোর্টার
‘আমার মেয়েটা স্যার খুউব ভালা ছাত্রী আছিল। আমার অনেক বড় সপ্নও আছিলও মাইয়াডারে লেখাপড়া করাইয়া বড় করুম। আব্দুল্লাহ মিয়ার চাউর গাছ আমার স্বপ্ন শেষ কইরা দিল। স্যার কত দিন আব্দুল্লাহ মিয়াকে অনুরোধ কইরা কইছি গাছটি কাটার লাগি। কিন্তু আমি গরিব মানুষ আমার কোন কথাই তারা হুনেনি। তার অর্ধেক কাটা গাছ তুফানের সময় আমার ঘরের উপর পরছে। গাছের তলের পইরাই আমার মাইয়াডা মরছে, আমার পুলাডা আধা মরা হইয়া রইছে। আমি পাওয় দুখ পাইছি, আমার চোড ভাইও দুখ পাইছে।’
সন্তান হারিয়ে কেঁদে কেঁদে এভাবেই কথাগুলো বলছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির জগন্নাথপুর গ্রামের নিহত স্কুল ছাত্রীর বাবা ফজর আলী। শুক্রবার দুপুরে নিহত তানজিনা আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, মেধাবী সন্তানকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো পরিবার। সবাই শুধু তানজিনা তানজিনা বলে বিলাপ করছে।
ফজর আলী জানান, তার প্রতিবেশী প্রভাবশালী আব্দুল্লাহ মিয়ার বাড়ির দক্ষিণ সীমানায় একটা আধা কাটা বৃহৎ চাউড় গাছ দীর্ঘদিন ধরে এভাবেই ছিল। ওই গাছটি কেটে ফেলার জন্য তিনি আব্দুল্লাহ মিয়াকে বারবার অনুরোধ করেছেন, গ্রামের লোকজনকে দিয়ে অনেকবার বলেছেন । কিন্তু অর্ধেক কাটা বিপজ্জনক সেই গাছটি কাটা হয়নি। বৃহস্পতিবার রাতে কালবৈশাখীর ঝড়ের সময় সেই অর্ধেক কাটা গাছ তার বসত ঘরে পড়ে গেলে গাছের গোড়ার অংশের নিচে পড়েই ঘটনাস্থলে নিহত হয় মেয়ে তানজিনা আক্তার, গুরুতর আহত হয় ছেলে সুমন মিয়া।
ফজর আলী বলেন,‘আব্দুল্লাহ মিয়া যদি আধা কাটা গাছটি কেটে নিত তাহলে এভাবে আমার মেয়ের মৃত্যু হতো না। ’
প্রতিবেশী ও উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা গেল গ্রামের সবাই জানতেন আব্দুল্লাহ মিয়ার চাউড় গাছটি অর্ধেক কাটা ছিল। অর্ধ কাটা গাছের নিচে পড়ে স্কুল ছাত্রীর অকাল মৃত্যুর ঘটনায় উপজেলা সহকারি (ভূশি) মো. তালুত ও থানার ওসি সহিদুর রহমানের উপস্থিতিতে স্থানীয়রা এক সালিশে আব্দুল্লাহ মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই টাকা নিহত তানজিনার বাবা ফজর আলীকে দুই কিস্তিতে দেয়া হবে। আজ শনিবার ৫০ হাজার ও এক সপ্তাহ পর এক লাখ টাকা দেয়া হবে।
ফজর আলীর প্রতিবেশী মুক্তার মিয়া বলেন,‘ঝড়ের পর আমরা ওই গাছটি কেটে তানজিনার লাশ বের করেছি। এই গাছটি যদি অর্ধেক কাটা না থাকত তাহলে হয়ত এভাবে তার মৃত্যু হত না। এই গাছটিই তানজিনার জীবনে কাল হয়ে দাঁিড়য়ে ছিল।’
এলাকার সাবেক ইউপি সদস্য ফজলুল হক গাছটি আংশিক কাটা ছিল জানিয়ে বলেন,‘ এসিল্যান্ড স্যার ও থানার ওসি সাহেবের উপস্থিতিতে গ্রামের সবাই বসে এই সিদ্ধান্ত দিয়েছেন যে, ফজর আলীকে আব্দুল্লাহ মিয়া দেড় লাখ টাকা দিবেন।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার বলেন,‘একটি অর্ধেক কাটা গাছ কোনভাবে পুরোটা না কেটে এভাবে রাখা ঠিক হয়নি। অর্ধেক কাটা অবস্থায় গাছটি দীর্ঘদিন পড়ে ছিল এটা গ্রামের সবাই বলেছেন। এই গাছের জন্যই মেধাবী একটি ছাত্রীর জীবন অকালে ঝড়ে গেল।’
- পল্লীবিদ্যুতের তদন্ত প্রতিবেদনে দায়মোচন ‘নির্মাণ কাজে ত্রুটি ছিল না’
- বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় বিশিষ্টজনেরা ‘সকলকে বিজ্ঞানমনস্ক হতে হবে’


