সু.খবর ডেস্ক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কাতার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও সহযোগিতা বাড়াতে চায়। কাতার বাংলাদেশে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কাতারের বিনিয়োগকারীদেরকে সুবিধাজনক একটি জোন বরাদ্দ দেওয়া হবে। সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গভীর সমুদ্রে ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। তরল গ্যাস আসবে কাতার থেকে। ২০১৮ সালের মধ্যে টার্মিনাল নির্মাণ কাজ শেষ হবে। এরপর দেশে আর গ্যাস সংকট থাকবে না।
তোফায়েল আহমেদ আরও বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রের জটিলতা দূর করতে দ্বৈতকর প্রথা বাতিলের বিষয়ে মন্ত্রীসভায় সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কাতার বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের স্থান বলে মনে করছে। বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। বেসরকারি পর্যায়েও কাতার বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে পণ্য আমদানির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ইতোমধ্যে নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সকল প্রতিষ্ঠান থেকে পণ্য রফতানি শুরু হলে, কাতারে বাংলাদেশের রপ্তানি বহুগুণ বাড়বে। গত অর্থবছরে বাংলাদেশ কাতারে ৩ কোটি ৩৩ লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করছে। একই সময়ে আমদানি করেছে ১৪ কোটি ডলার মূল্যের পণ্য।
সাংবাদিকদের প্রশ্নের বাণিজ্যমন্ত্রী বলেন, বিজিএমইএ ভবন স্থানান্তরের জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সকল কাজ সম্পাদন করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এ দিনকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে। ঘোষণা করা হলে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন করা হবে।
- দোয়ারায় সমুজ আলী স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
- বাঁধের কাজে সকল অনিয়ম দুর্নীতি কাটিয়ে উঠতে চাই


