ছাতক প্রতিনিধি
ছাতকে পারিবারিক কলহে বড় ভাই’র হাতে ছোট খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া (৩৮) গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাই’র মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধলে বড় ভাই সমুজ মিয়ার (৬০) বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ। ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


