দোয়ারাবাজার প্রতিনিধি
অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নলুয়া গ্রামের মুক্তার আলী। গত বুধবার ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ পত্রিকায় ‘বয়স্ক ভাতা কার্ডের জন্য টাকা দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ দিনই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার নির্দেশনায় সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ’র কাছ থেকে বয়স্ক ভাতা কার্ড উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে মুক্তার আলীকে ডেকে এনে বয়স্ক ভাতার কার্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, বয়স্ক ভাতার কার্ডের মালিক মুক্তার আলী। আমরা যাচাই করে মুক্তার আলীকে বয়স্ক ভাতার কার্ড দিয়েছি।
উল্লেখ্য, এবারের নতুন তালিকার মুক্তার আলীর নাম ২৭৭০/১ নং তালিকায় সংযুক্ত হয়। গত দুই মাস যাবত বারবার কার্ডের জন্য মুক্তার আলী চেয়ারম্যানের কার্যালয়ে গেলেও কার্ড দেননি পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমদ। এরপর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন পান্ডারগাঁও ইউনিয়নের নলুয়া গ্রামের মুক্তার আলী (৭৫)।


