ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসী কোচিং মারাককে রিমান্ডের আবেদন

স্টাফ রিপোর্টার
ভারতের বিচ্ছিন্নতাবাদী গারো ন্যাশনাল লিবারেশন আর্মি মেঘালয়ের (জিএনএলএম)’এর বড় মাপের ক্যাডার কোচিং মারাক ওরফে ডেরেন মারাককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আগামী ২০ জুলাই রিমান্ডের শুনানী’র দিন ধার্য করেছেন।
গত সোমবার (১০ জুলাই) রাত পৌনে ১০ টায় সুনামগঞ্জের তাহিরপুর      সীমান্তের বারেকের টিলার পাশের করইগড়ার ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান পুলক মারাক’এর বাড়ি থেকে কোচিং মারাককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) তাহিরপুর থানায় বর্ডার কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টে মামলা রুজু করে কোচিং মারাককে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সোমবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা তপন চন্দ্র দাস অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের কাছে কোচিং মারাককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।
মেঘালয়ের পুলিশ কর্মকর্তারা সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খানকে জানান, মেন্দিপাথর গ্রামের নিপু মারাকের ছেলে কোচিং মারাক ওরফে ডেরেন মারাক মেঘালয়ের একজন বড় মাপের সন্ত্রাসী। সে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি মেঘালয়ের একজন সদস্য। তার নেতৃত্বে মেঘালয়ে ইতিপূর্বে কয়েকজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে।