ভারতে অনুপ্রবেশকারী তাহিরপুরের যুবকেকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক জনিক মিয়া (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। সোমবার সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারির জিরো পয়েন্ট নামক স্থানে তাকে আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে আহত যুবককে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে কোনো এক সময় জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বললেন, আহত জনিক মিয়া হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। পুলিশ বিকাল ৩ টায় তার ছুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, ওই যুবক ভারতে অনুপ্রবেশ করেছিল। ওখান থেকে আহত অবস্থায় ফিরেছে। পরে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করে নি।