ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে পৌরসভার উদ্যোগ

স্টাফ রিপোর্টার
ভুয়া পরিচয়ে বাসাবাড়িতে জঙ্গী তৎপরতা শুরু হওয়ায় ভাড়া দেয়া ভবন মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়াটিয়ার সংখ্যা ও সকল তথ্য উপাত্ত সংগ্রহ অভিযান শুরু হলেও মাঝ পথে তা আটক রয়েছে।          
আবাসিক এলাকায় কতজন ভাড়াটিয়া ও কতটি ভবন ভাড়া দেয়া হয় তার কোন সঠিক তথ্য নেই পৌরসভা কর্তৃপক্ষের কাছে। এদিকে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের অভিযানে ভাটা পড়ায় আইনশৃংখলা বাহিনীর হাতেও ভাড়াটিয়াদের হালনাগাদ তথ্য নেই। আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করলেও থেমে নেই জঙ্গি তৎপরতা।
তাই জঙ্গি তৎপতরায় জড়িতদের বাসা ভাড়া নেয়া রোধে উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এ লক্ষে সোমবার বিকালে পৌরসভা কার্যালয়ে জরুরী আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে আইনশৃংখলা সভায় পৌরসভার সকল কর্মকর্তা, পৌর কাউন্সিলর ও সদর থানা পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আইনশৃংখলা সভায় পৌর শহরে বাসা ভাড়া দেয়া ভবন মালিক ও সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ, ভবন মালিকদের নিয়ে সভা, প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক সভা, জঙ্গি তৎপরতা রোধে ভাড়াটিয়া ভবনে সিসি ক্যামেরা স্থাপন, জনপ্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন এবং সকল শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে জঙ্গি বিরোধী মহাসমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী দুই দিনের মধ্যে পৌরসভা এলাকার ভাড়া দেয়া ভবন মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের তাগিদ দেয়া হয়।
সুনামগঞ্জ সদও থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন,‘সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী বেশ আগে আবাসিক এলাকার সকল ভাড়টিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে সেটি আর হালনাগাদ করা হয়নি। তবে আমরা খুব শীঘ্রই সুনামগঞ্জ পৌরসভা এলাকার সকল ভাড়াটিয়াদের তথ্য উপাত্ত সংগ্রহ করব। ’
তিনি আরো বলেন,‘ জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা শুধুমাত্র আইনশৃংখলা বাহিনীর পক্ষে একা সম্ভব নয়। সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে সঠিক তথ্য দিয়ে আইনশৃংখলা বাহিনীকে সহায়তা করতে হবে এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশী করে সচেতন হতে হবে। বাসাবাড়ি ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। ভাড়াটিয়া কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত কিনা তা নজরদারি করতে হবে। ’
পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেন,‘ ভুয়া পরিচয়ে বাসাবাড়ি ভাড়া নিয়ে জঙ্গি তৎপরতা রোধ করতে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আবাসিক এলাকার বাসা ভাড়া দেয়া সকল ভবন মালিক ও ভাড়াটিয়াদের তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজ শুরু করছি। দুই দিনের মধ্যে এসব তথ্য সংগ্রহ করার জন্য স্থানীয় কাউন্সিলরদের বলা হয়েছে। সকল ভবন মালিকদের নিয়ে আমরা সচেতনতামূলক সভা করব। ভাড়াটিয়াদের গতিবিধি মনিটরিং করার জন্য ভাড়া দেয়া ভবন মালিকদের বাসায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করা হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন ও সচেতনতামূলক সভা করা হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে জঙ্গি বিরোধ মহাসমাবেশ ও মিছিল করব আমরা।  ’