জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভিজিএফ’র চাল লুটের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১ টার দিকে পৌরশহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য চিলাউড়া গোলাপাড়াপুঞ্জি গ্রামের বাসিন্দা বাবুল মাহমুদের সঙ্গে গত ঈদ উল ফিতরে ভিজিএফয়ের চাল বিতরণকালে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউপি সদস্য জুয়েল মিয়া ভিজিএফয়ের চাল বিতরণে বাধাঁ প্রদান ও লুটপাটের অভিযোগে বাবুল মাহমুদ ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাকিরুন নেচ্ছাসহ ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বাবুল মাহমুদ থানা হাজতে সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
মামলার বাদী ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, সরকারী চাল বিতরণের সময় বাবুল মিয়ার নেৃতত্বে একদল দাঙ্গাবাজ লোক আমার ওপর হামলা চালিয়ে ৫০ বস্তা ভিজিএফ’র চাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমি থানায় মামলা করেছি।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।
জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় ভিজিএফ’র চাল লুটের মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্যকে জেল হাজতে পাঠানো হয়েছে।


