ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের

পুলক রাজ
আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, সব প্রার্থীর কাছেই এখন ভোটারদের কদর। সব প্রার্থীর কথাই আলোচনায় কমবেশি আসছে। সবদিক বিবেচনায় যিনি যোগ্য তাঁকেই ভোট দিয়ে জয়ী করব।
জানা যায়, সুনামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সুলতানপুর, পূর্ব সুলতানপুর, কেজাউরা, আফতাবনগর, নতুন হাসননগর, পাঠানবাড়ি নিয়ে গঠিত। ৫ হাজারের মতো ভোটার রয়েছেন। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন পশ্চিম সুলতানপুরের ফজর নূর, নতুন হাছননগরের মো. জাহিদুল ইসলাম তুহুর, মো. মোতাহের আলী, পাঠানবাড়ীর মো. মোশাররফ হোসেন এবং আপ্তাবনগরের বারিক মিয়া।
বর্তমান কাউন্সিলর ফজর নূর বলেন, আমি সব সময় ওয়ার্ডের জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করেছি। আফতাবনগর মহিলা মাদরাসার সড়ক পাকাকরণ, নতুন হাসননগরে সড়ক ঢালাই, কেজাউরা সড়ক ইটসলিং করেছি।
তিনি বলেন, আফতাবনগর কবরস্থান থেকে পাঠান বাড়ি ঈদগাহ পর্যন্ত সড়ক পাকাকরণের পরিকল্পনা আছে আমার। আমি আমার সাধ্য মতো চেষ্টা করে গেছি উন্নয়ন করার, আমাকে আবার নির্বাচিত করলে ওয়ার্ডে উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাবো।
মো. মোতাহের আলী বলেন, উন্নয়ন বঞ্চিত রয়েছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ডের যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষকে নিয়ে সকল উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করব। এলাকার ড্রেনেজ সমস্যা, রাস্তা-ঘাট, পানির সংকট নিরসনে কাজ করব। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন, মাদকমুক্ত একটি ওয়ার্ড গড়তে চাই আমি।
মো. জাহিদুল ইসলাম তুহুর বলেন, নিরাপত্তা, ড্রেনেজ, নিরাপদ সড়ক, সড়ক বাতি, পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড, শিক্ষা, দুর্নীতিমুক্ত, ইভটিজিংমুক্ত সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা সমাধানে কাজ করে যাবো। এজন্য সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ওয়ার্ড অবহেলিত হয়ে আছে। সড়ক, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, সড়ক বাতি, শিক্ষার দিক দিয়ে আমাদের ওয়ার্ড অনেক পিছিয়ে আছে। দুঃখের বিষয় এখন পর্যন্ত সাঁকো দিয়ে জনগণকে চলাচল করতে হয়।