ভ্রমণ লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু
আমরা আজকে রাতের নিউ ইয়র্ক দেখব বলে প্রগ্রাম করেছি। গাড়ি চালানোর জন্য শাহির বন্ধু গাউস ভাইকে সাথে আনা হয়েছে। কামাল সাহেবের এখান থেকে ইফতার করে যাব টাইম টিভির অফিসে। রুপুকে আমরা সাথী করেছি। টাইম টিভি এখানকার একটা বাংলা চ্যানেল। এরা একটা বাংলা পত্রিকাও বের করে। টাইম টিভিটির পরিচালক জনাব তাহের সাহেব। ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বে আছেন জনাব খসরু সাহেব। ছোট্ট একটি স্টুডিও, পাশেই তাদের অফিস। এই স্টুডিও থেকেই তারা অনুষ্টান সম্প্রচার করেন। বাংলাদেশীরা কি পরিমান এই চ্যানেল দেখেন সেটা আমার জানা নেই। আমি জেনেছি এই চ্যানেলটা শুধু নিউ ইয়র্ক শহরের লোকজনই দেখতে পারেন। আমার একটা ইন্টারভিউ নিলেন তাহের সাহেব। এটা সম্প্রচার হয়েছে কিনা আমি জানিনা কারণ এর আগেই আমি দেশে চলে এসেছি।
রাতের নিউ ইয়র্ক নাকি অনেক সুন্দর তাই আমরা আজ রাতটা ম্যানহাটন, ম্যডিসন স্কোয়ার গার্ডেন সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘোরি করব। রুপু সাথে থাকায় পুরো সময়টাই ছিল জমজমাট। গল্প বলা বা জমিয়ে রাখার মাঝে রুপুর বিকল্প নেই। ম্যডিসন স্কোয়ার আমার কাছে পুত পবিত্র। এটা একট ঐতিহাসিক জায়গা বিশেষ করে বাঙ্গালীদের জন্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ম্যাডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসন ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি গেয়ে আমাদের মুক্তিযুদ্ধকে সারা পৃুথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন পৃথিবীর লোকজন তেমন জানতনা। জর্জ হ্যারিসনই কনসার্ট করে   পাকিস্তানিদেও গণ হত্যা ও বর্বরতাকে বিশ্ববাসীকে জানিয়েছিলেন।  ম্যাডিসন স্কোয়ারে গিয়ে আমি এক সময় নিজেই হারিয়ে যাই। আজ থেকে প্রায় ৪৫ বছর আগের অনেক স্মৃতি আমার মনে পড়ে। আমরা তখন অসহায়ের মত ভারতে আশ্রয় নিয়েছি।  
পাকিস্তানিদের এদেশ থেকে বিতারিত করার প্রত্যয় নিয়ে অস্ত্র হাতে নিয়েছি। এই সময় পন্ডিত রবি শংকরের অনুরোধে জর্জ হ্যারিসন  ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট করেছিলেন। ১৯৭১ সালের ১ আগষ্ট কনসার্ট ফর বাংলাদেশ নামে একটি সংগঠন এই রক সন্ধার আয়োজন করে। এই কনসার্ট থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহায়তা তহবিলে ২,৫০,০০০/ ডলার সাহায্য দেওয়া হয়। ম্যাডিসন স্কোয়ারে কিছুক্ষন কাটিয়ে চলে গেলাম ম্যানহাটনে। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। বিখ্যাত সব গগনচুম্বি দালান এই ম্যানহাটনে। এম্পায়ার ষ্টেট বিল্ডিং, ক্রিসলার দালান, সিটি কর্ণ সেন্টার, ১০১ তলা ওয়াল্ড ট্রেড সেন্টার সব কিছুই এই ম্যানহাটনেই। আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ট্রাম্প বিল্ডিং দেখলাম। এই বিল্ডিংটার মালিক ধনকুবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটনে সবচাইতে আমার কাছে সুন্দর লেগেছে আলোক সজ্জা। রাস্তার নীল, লাল, সবুজ বাতি রাতের ম্যানহাটনকে আরো আকর্ষনীয় করেছে। সারা পৃথিবীর পর্যটকরা রাতের নিউ ইয়র্ককে উপভোগ করার জন্য  ম্যানহাটনে চলে আসেন। ম্যানহাটনে কিছু সাহায্য প্রার্থীকে দেখলাম। সাইনবোর্ড নিয়ে মোড়ে মোড়ে চুপচাপ বসে আছেন। হাতে লেখা সাইন বোর্ডে আছে ‘আমি ভূমিহীন, আমার কোন বাড়ি ঘর নেই আমায় সাহায্য করুন’। আবার কারো কারো সাইনবোর্ডে লিখা ‘আপনার থলেতে কি ভাংতি কিছু পয়সা আছে সেটা আমাকে দিয়ে দিন’। আমার কাছে এটা আশ্চর্য্য ঠেকেছে। আমেরিকাতে যেখানে সব ভাগ্যহীনারা এসে নিজেদের ভবিষ্যত গড়েন সেখানে কিভাবে আবার  সাহায্য প্রার্থীরা থাকেন। শাহীদের কাছ থেকেই শুনলাম এরা আসলে কাজ করতে চায়না। সোস্যাল সিকিউরিটি থেকে যে সাহায্য পায় সেটার সিংহভাগই চলে যায় নিউ ইয়র্কে বাড়ি ভাড়া দিয়ে। বাকী টাকা দিয়ে মাস চালাতে পারেনা তাই পথে সাইন বোর্ড টাঙ্গিয়ে বসে থাকে। মাঝে মাঝে এদেরকে পুলিশ তাড়া করে। একবার চলে গেলেও আবার তারা এসে হাতে লেখা সাইনবোর্ড টাঙ্গিয়ে বসে যায়। আমার কাছে কিছু ভাংতি পয়সা জমেছিল। মানি ব্যাগ থেকে ভাংতিগুলো বের করে বাটির ভেতরে দিয়ে দিলাম। ম্যানহাটন, ম্যডিসন স্কোয়ার ঘুরতে ঘুরতে রাত ১ টা বেজে যায়। লং আইল্যান্ড যখন গেলাম তখন ভোর ৪ টা বেজে গেছে।
নিউ ইয়র্কের এস্টোরিয়া সিটিতে রামাদা হোটেল। দীপ অন লাইনে হোটেলের খোজ করে এই হোটেলে বুকিং দিয়েছে। ১০ জুন দীপ , মুনমান আর দীয়া এসে উঠেছে এই রামাদা হোটেলে। আমাকে ফোনে ঠিকানাটা দিয়েছে। শাহী আর মনোয়ারা ভাবী দুজনেই পালা করে গাড়ী চালিয়েছেন। আমি আজ লং আইল্যান্ড ছেড়ে এই হোটেলে উঠছি। এখানেই আমরা চার দিন থাকব তারপর ১৪ জুন আমাদের বাংলাদেশ যাওয়ার টিকেট কনফার্ম করা আছে। হোটেলের পাঁচ তলায় ৫৩৫ নাম্বার রুমটি এখন আমাদের থাকার জায়গা। প্রতিদিনের জন্য ১৭৫ ডলার ভাড়া গুনতে হবে। দীপ হোটেল ভাড়া একসাথে দিয়ে দিয়েছে। সকাল ১১ টা বেজে গেছে এস্টোরিয়া সিটির রামাদা হোটেলে  পৌছতে। দীপ আমাদের জন্য নীচে অপেক্ষা করছিল।  এস্টোরিয়া সিটিতে আগে অনেক বাঙ্গালি পরিবার থাকতেন। জায়গাটা নিউ ইয়র্কের একদম মধ্যবর্তী থাকায় এলাকাটির গুরুত্ব বেড়ে গেছে। ব্যবসায়ীরা এখানে এসে হোটেল করেছেন। এই এলাকার বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় এখন অল্প সংখ্যক বাঙ্গালি পরিবার আছেন। শাহী এবং ভাবীর সাথে দীপের পরিচয় করিয়ে দিলেও মুনমুন আর দীয়ার সাথে তাদের দেখা হয়নি। শহরে তাদের অনেক কাজ নিয়ে এসেছেন। শাহী আর ভাবীকে বিদায় করে আমি হোটেলে উঠলাম। সুন্দর পরিপাটি হোটেল। আমাদের একটি ফ্যমিলি রুম ভাড়া করা হয়েছে। দীপ শেষ রাতের দিকে আবার চলে যাবে জেএফকে এয়ারপোর্টে। সেখান থেকে সকালের ফ্লাইটেই চলে যাবে এরিজোনা। পরদিনের অফিস তাকে ধরতে হবে। দিনে আমাদের অনেকগুলো প্রগ্রাম দীপ করে রেখেছে। আমরা আজ যাব ষ্টাচু অব লিবার্টি দেখতে। অন লাইনে সব টিকেট করা ছিল। তাই আমরা রওয়ানা হলাম সাব ওয়ে ধরে ষ্টাচু অব লিবার্টি দেখতে। এখানে পাতাল রেলকে সাব ওয়ে বলেন সবাই।
আমার  লিখার প্রতিটি সংখ্যায় একটি মূর্তির ছবি দেওয়া আছে। এটাই আসলে স্টাচু অব লিবার্টির ছবি। মূর্তিটি মূলত ঢিলা জামা ও মাথায় সূচালো কাটাওয়ালা মুকুট পরিহিত একটি নারী মূর্তি। মূর্তিটির বাম হাতে রয়েছে একটি বই যাতে আমেরিকার স্বাধীনতার তারিখ ৪জুলাই ১৭৭৬ খোদাই করে লিখা এবং ডান হাতে উচিয়ে ধরা প্রজ্জল্বিত মশালের মত টর্চ। মূর্তিটির পায়ে থাকা ছেড়া শিকল পরাভুত স্বৈরশাসনের প্রতিক। সাম্য , স্বাধীনতা ও মুক্তির প্রতিক হিসাবে দাড়িয়ে আছে নিউ ইয়র্কের পাশে হাডসন নদীর মৃখে। বর্তমানে এই দ্বীপটির নাম রাখা হয়েছে লিবার্টি। যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে আসা পর্যটকদের  এই লিবার্টি দ্বীপ স্বাগত জানায়। তামা ও লোহা দ্বারা নির্মিত ৩০৬ ফুট ৮ ইঞ্চি উচু এই মূর্তিটি বহুদুর থেকে দেখা যায়। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মার্কিন যুক্তরাষ্টের শতবর্ষ উদযাপন উপলক্ষে ফ্রান্স এই মূর্তিটি উপহার দেয়। ২২ তলা সমান উচু মূর্তিটির পাদানিতে কয়েকটি হল রুম আছে। এই রুমগুলোতে আছে মিউজিয়াম, কিভাবে মূর্তিটি তৈরী হল তার ইতিহাস ইত্যাদি। এক পরিসংখ্যানে জানা গেছে এই স্টাচু অব লিবার্টি দেখতে প্রতি বছর ৩২ লাখ মানুষ আসেন।  এটার মাথায় সাতটি স্পাইক রয়েছে ওগুলো পৃথিবীর সাতটি মহাসাগর এবং সাতটি মহাদেশকে ইঙ্গিত করে। এটা তৈরী করতে তৎকালীন সময়ের আমেরিকার ৫ লাখ ডলার খরছ হয়। (চলবে)