বজলুল মজিদ চৌধুরী খসরু
(পূর্ব প্রকাশের পর)
সুনামগ্ঞ্জ জেলা কল্যান সমিতির ইফতার পার্টি আজ। আমরাও দাওয়াত পেয়েছি। দীপ থাকবে আমাদের সাথে। এখানে ইফতারের সময় হতে রাত প্রায় ৮ টা বেজে যাবে। সুনামগঞ্জ জেলা সমাজ কল্যান সমিতি এই ইফতারের আয়োজন করেছে। আমাদের সুনামগঞ্জের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছেন আমেরিকার বিভিন্ন শহরে। নিউ ইয়র্কেই আছেন বেশী লোকজন। সমিতির কেন্দ্রস্থল নিউ ইয়র্ক। সমিতির কর্মকর্তারা সামাজিক দায়বদ্ধতা থেকে যতটুকা সম্ভব কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বন্যা, ঘুর্ণিঝড় সহ বিভিন্ন সময়ে এরা সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। এররকম একটা সংগঠন থাকা খুবই জরুরী। প্রথম যে কেউ আমেরিকাতে আসলে অনেক সমস্যায় পরতে হয়। তাদের পাশে দাঁড়িয়ে একটু আশার বাণী শুনালেও অনেক ক্ষেত্রে ভুক্তভোগি মানুষটি অনুপ্রেরনা পায়। সংগঠনটির সভাপতির দায়িত্বে আছেন মারুফ চৌধুরী। যিনি এক সময় ছাত্র লীগের নেতা ছিলেন। নিজের সাংগঠনিক ক্ষমতা আর অভিজ্ঞতা দিয়ে আমেরিকাতে সংগঠনটি দাঁড় করাতে পরিশ্রম করে যাচ্ছেন। সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন অসিত চৌধুরী। মল্লিকপুরের অভিজাত পরিবারের সন্তান। সাংস্কৃতিক পরিমন্ডলে বড় হয়েছেন। সদা হাস্যজ্জোল অসিত নিউ ইয়র্কে এখন প্রতিষ্টিত। নিজের ব্যবসার পরিমন্ডল থেকে সময় বাচিয়ে সংগঠনটির হাল ধরে আছেন। এখানে এ ধরনের কাজ করা দুরুহ ব্যপার । আমেরিকাতে সময় টাকা এনে দেয় তাই টাকা কামাতে হলে সময়ের সাথে পাল্লা দিতে হয়। এরকম একটা সংগঠন গড়ে তোলা মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর সমান। তার পরেও মারুফ আর অসিত হাল ছাড়ছেন না। মারুফ ফোনে জানিয়েছে সে আমাদেরকে হোটেল থেকে নিয়ে যাবে। ইফতারের আগেই মারুফ আর তার স্ত্রী নীলা তাদের গাড়ী নিয়ে এসে আমাদের নিয়ে গেল।
জ্যামাইকার একটি রেষ্টোরেন্টের নাম ‘ঘরোয়া’। এ্ই ঘরোয়া রেষ্টোরেন্টেই আজকে ইফতার পার্টি হবে। আমরা যাওয়ার আগেই সুনামগঞ্জবাসীর মিলনমেলা বসেছে। আমাদের কলেজ জীবনের শিক্ষক অধ্যাপক বিধুভূষন চৌধুরী, অমল দা (উকিলপাড়া), কল্লোল. জুসেফ , পারভেজ ,জাহিদ চৌধুরী অপু , আইয়ুব আলী, মোস্তফা, শিবলি, অসিত চৌধুরী, জগলূল, শহীদ, নারায়ন দেব, জামাইপাড়ার আমির খসরু জায়গিরদার, বিজন, ছবি সহ অনেকেই আছেন । জনাব নুরুল ইসলাম চৌধুরী এডভোকেট সাহেবের ছেলে জোসেফ ও পারভেজ এবং জনাব আছদ্দর আলী চৌধুরীর ছেলে জাহিদ চৌধুরী অপু সস্ত্রীক এসেছে। তাদের সাথে পরিচয় হল। আমার স্ত্রী আর মেয়ে তাদের পেয়ে গল্প গুজেবে মশগুল। বিধু স্যারের ছেলে কল্লোল নিউ ইয়র্ক পুলিশে অফিসার হিসাবে কর্মরত। স্যারের সাথে অনেকক্ষন আলাপ হল। বাংলাদেশে নব্য জে,এম,বির উথ্বানে স্যারকে খুব বিষন্ন মনে হল। আমাদের মুক্তিযুদ্ধে এত রক্ত , এত প্রাণ দেওয়ার পর এভাবে সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়া দেওয়াটা কোনভাবেই তিনি মেনে নিতে পারছেননা। বিজনকে দেখলাম বহু বছর পর। আমাদের বন্ধু মুক্তিযোদ্ধা সাধন ভদ্রের ফুফুত ভাই বিজন। আমরা কলেজে পড়াকালীন সময়ে সাধনদের বাসায় গল্পের আসর বসাতাম। বিজন তখন খুব ছোট। তার বাড়ি সিলেট হলেও এখানে থেকেই পড়াশুনা করত। একসময় ডি,ভি লটারিতে তার ভাগ্য খুলে যায় । এখন বিয়ে করে পরিবার সহ আমেরিকায় আছে। ছবি আমার ছোট বোন সেজুর ক্লাস মেইট। সবাইকে একসাথে পেয়ে খুবই ভাল লেগেছে। জামাইপাড়ার আমির খসরু জায়গিরদার এক সময় পশ্চিম জার্মানিতে থাকত। আমি থাকা অবস্থায় হঠাৎ একদিন আমার বাসায় এসে উপস্থিত খসরু ও তার চাচা লুলু মিয়া। তাদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কাগজপত্র তৈরী করেছিলাম। এই স্বল্প সময়ে এক নাগারে বলে যাচ্ছিল খসরু জায়গিরদার। ইফতার পার্টিতে এসে আরো অনেকের সাথে দেখা হয়ে গেল। ইফতারের পরে সবাই গল্পগুজব করে ঘন্টা দুয়েক কাটিয়ে দিলাম।
রাতেই মুকিত চৌধুরীর ফোন। তিনি হোটেলে আসছেন। আমাদের নিয়ে রাতের নিউ ইয়র্ক দেখতে বের হবেন। ১৯৭৮ থেকে ১৯৮৩ পর্যন্ত ছিলাম পশ্চিম জার্মানিতে। সেখানেই পরিচয় একজন প্রতিশ্র্রুতিসিল স্মার্ট মানুষ আব্দুল মুকিত চৌধুরীর সাথে। সারা জার্মানিতে তখন ১০/১২ হাজার বাংলাদেশী ছিলেন। তাদের সবারই পরিচিত ছিলেন মুকিত চৌধুরী। জার্মান ভাষায় ডিপ্লোমা করেছিলেন। দোভাষি হিসাবে কাজ করতেন পুলিশ অফিস, সমাজ কল্যান অফিস সহ বিভিন্ন আদালতে। এক সময় জার্মানিতে থাকার স্থায়ী অনুমতি পেয়েছিলেন। মুকিত চৌধুরী আর আমি মাইনজ নামে এক শহরে থাকতাম। তারই অনুপ্রেরনা ও উৎসাহে আমিও জার্মান ভাষায় ডিপ্লোমা করি। জামার্নিতে মুকিত চৌধুরী গাড়ী চালানোর লাইসেন্স নেওয়ার পর আমিও লাইসেন্স নেই। ইউ, এস আর্মির ফায়ার ডিপার্টমেন্টে মুকিত চৌধুরী চাকুরী নেওয়ার পর আমিও একই অফিসে চাকুরী নেই। দীর্ঘ কয়েকবছর পর তার সাথে আমেরিকায় দেখা। মাঝে একবার ঢাকাতে দেখা হয়েছিল। এখন তিনি মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার কমান্ডার। মুকিত চৌধুরী জার্মানিতে থাকাবস্থায় মোহাম্মদ আলী ও মুসা নামে তার আরো ছোট দুই ভাই জার্মানিতে থাকত। ছোট ভাই মুসা আশির দশকে বাহামা হয়ে চলে আসে আমেরিকায়। তার পরে একসময়ে আমেরিকার নাগরিক হয়ে যায়। এখন তারা ছয় ভাই থাকেন আমেরিকায়। ছোট ভাই মঈন চৌধুরী এটর্নি হিসাবে বেশ নাম কুড়িয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নিউ ইয়র্ক শাখার একজন নেতৃস্থানীয় ব্যক্তি মঈন। আমি আমেরিকা এসেছি জেনে মুকিত চৌধুরী প্রায়ই যোগাযোগ করতেন। নিউ ইয়র্ক আসার পর আমাদের সবাইকে নিয়ে গেলেন টাইম স্কোয়ার, জাতিসংঘ ভবন, বাংলাদেশ মিশন সহ দর্শনীয় স্থান দেখাতে। এত রাতেও টাইম স্কোয়ারে পর্যটকদের এত ভীড় । এজন্য সবাই বলে নিউ ইয়র্ক শহর ঘুমায় না। দীপ সকালে উঠে চলে যাবে এরিজোনা। প্রায় ৫ ঘন্টার বিমান ভ্রমন। সারা দিন আজ ঘোরাঘোরি করায় কারোই বিশ্রাম হয়নি। তাই মুকিত চৌধুরীকে বললাম আমাদের হোটেলে নামিয়ে দিতে। রাত ২ টায় হোটেলে ফিরলেও মনে হল নিউ ইয়র্ক দেখা শেষ হলনা। (চলবে)


