মঙ্গলকাটা-ডলুরা রাস্তা দুর্ভোগে ৩০ গ্রামের ২০ হাজার মানুষ

শহীদনূর আহমেদ
পাহাড়ি ঢলে ভাসিয়ে নিয়ে গেছে সদর উপজেলার মঙ্গলকাটা-ডলুরা যাওয়ার জাহাঙ্গীরনগর সড়কটির একাংশ। সড়কটির মাটি ও পাকা রাস্তা প্রবল স্রোতে   ভাসিয়ে নিয়ে যাওয়ায় বিশাল খালের  সৃষ্টি হয়েছে। খাল পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ । এলাকাবাসির উদ্যোগে খালের উপর নির্মিত হয়েছে বাঁশের অস্থায়ী  সাঁকো। সাঁকো  পারাপারে দুর্ভোগের শেষ নেই বলে জানান এলাকাবাসী। অচিরেই  সড়কটি সংস্কারের দাবি তাদের।
শীঘ্রই  বস্তা ফেলে সড়কটি যাতায়াতের উপযোগী করে দেয়া হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ।
বৃহ¯পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে  পাহাড়ি ঢলের পানি গত ২৪ জুলাই রবিবার সকালে রাস্তার উপর দিয়ে গড়াতে থাকে। প্রবল স্রোতের এক পর্যায়ে রাস্তাটি ভেঙ্গে খালের সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয় জাহাঙ্গীরনগর ও মঙ্গলকাটার শতাধিক ঘরবাড়ি। রাস্তা ভেঙ্গে যাওয়ায় শহরের সাথে যোগাযোগে ব্যাহত হচ্ছে জাহাঙ্গিরনগর, মঙ্গলকাটা, মীরেরচর, আমপাড়া, কাঁশিগাঁও,  কাইয়ারগাঁও, গুদিরগাঁও, নারায়নতলা, জোনিবিলসহ ৩০ টি গ্রামের ২০ হাজার মানুষ। স্থানীয়দের উদ্যোগে ভাঙ্গা জায়গায় সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকো পারাপারে  
প্রত্যকের কাছ থেকে নেয়া হচ্ছে ৫ টাকা করে। সাঁকো পারাপারে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন শিশু ও নারীরা। যেকোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
গুদিগাঁও গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া বলেন, রাস্তার ভাঙ্গনে আমরার খুব সমস্যা হবে। বিশেষ করে মেয়ে মানুষের অসুবিধা বেশি হচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারে না। রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা দরকার।  জাহাঙ্গিরনগরের বাসিন্দা মুজিবুর রহমান বলেন, পাহাড়ি ঢলে প্রত্যেক বছর এই রাস্তা ভাইঙ্গা লইয়া যায়। মাইনষের ঘর বাড়ি, পুকুর, ফসলের অনেক খতি অয়। এই জাগাত একটা ব্রীজ অইলে ভালা অয়।  আমপাড়ার বাসিন্দা সালমা বেগম বলেন, জরুরী কাজে শহরে যাইতাম, কিন্তু সাঁকো পার অইতে পাররাম না। ডর খরের যদি ফরি যাই।তাড়াতাড়ি রাস্তাটি মেরামত করা দরকার। না অইলে মানুষ খুব অসুবিধাত ফরব।
জেলা এলজিইডির নির্বাহী প্রকোশলী ইকবাল আহমদ বলেন, রাস্তাটি সম্পর্কে আমি অবগতি আছি, রাস্তাটি মেরামতে জাহাঙ্গিরনগর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। বন্যার পানি নেমে গেলে শীগ্রই রাস্তায় বস্তা ফেলে সড়কটি যাতায়াতের উপযোগী করে দেয়া হবে ।