বিশেষ প্রতিনিধি
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে মধ্যনগর থানার সদর ইউনিয়নের করুয়াজান, কামরুয়া, বনগাঁও, শাহপুর, মাছুয়ারকান্দা ও কলমা গ্রামের নতুন পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানে প্রতি পরিবার থেকে ৪১০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ গ্রামের প্রায় ১২০০ গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।
প্রতি পরিবারের বসতঘর ওয়ারিং বাবদ ৩৩০০ টাকা, পল্লী বিদ্যুতের খুঁটি আনা বাবদ ঠিকাদারকে ৫০০ টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের শ্রমিকদের খাওয়া বাবদ আরো ১০০ শত টাকা করে মোট ৩৯০০ শত টাকা আদায় করার বিষয়টি স্বীকার করেছেন একাধিক গ্রাহক। ওই ৬ গ্রামের ধনী-গরীব সকল গ্রাহকদের কাছ থেকে সমানভাবেই টাকা আদায় করা হচ্ছে। ইতোমধ্যে ৭-৮শত গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এবং টাকা আদায় চলছে বলে জানিয়েছেন গ্রাহকরা। ওই ৬টি গ্রামের প্রায় ১২০০ গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করছেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, স্থানীয় ইউপি সদস্য সজলু তালুকদার ও নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন।
করুয়াজান গ্রামের বাসিন্দা টিটু তালুকদার বলেন,‘মিটার নামনো ও ওয়ারিংয়ের নামে থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদসহ প্রভাবশালী কিছু মানুষ ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন এলাকার ধনী-গরীব সবার কাছ থেকে সমান হারে ৪১০০ টাকা আদায় করছেন। এভাবে টাকা আদায়ের বিষয়টি চাঁদা আদায়ের সামিল। দরিদ্র অনেক পরিবার এই টাকা দিতে হিমশিম খাচ্ছেন। টাকা না দিলে বিদ্যুতের তার খুলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে গ্রাহকদের। ’
করুয়াজান গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রুপক আহমদ বলেন,‘মোস্তাক আহমেদর নেতৃত্বে এলাকার যারা রাজনীতির সাথে জড়িত তারাই টাকা উত্তোলন করছেন। ইতোমধ্যে প্রায় ৮০০ গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। সবার কাছ থেকেই ৩৯০০ টাকা করে আদায় করা হচ্ছে। এবং এই বিষয়টি এলাকার সবাই জানেন। এসব টাকা আদায়ের সাথে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ও ঠিকাদারের লোকজন জড়িত। ’
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য বনগাঁও গ্রামের বাসিন্দা
সজলু তালুকদার টাকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন,‘ ৪১০০ টাকা নয়, সবার কাছ থেকে ৩৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এই টাকার মধ্যে ঘর-বাড়ি ওয়ারিং ও মিটারসহ সব খরচ দেয়া হবে। সবাই মিলে আলোচনা করে এই টাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ’
তবে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানে চাঁদা আদায়ের বিষয়ে জড়িত থাকার সকল অভিযোগ মিথ্যা দাবি করেছেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ। তিনি বলেন,‘আমি এসব বিষয়ে কিছুই জানিনা। আমি এলাকায় থাকিনা।’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান জানান, নতুন সংযোগের জন্য ৪৫০ টাকা নেয়া হয়। এর বাইরে কোন টাকা নেয়ার বিধান নেই। কেউ নিয়ে থাকলে এটা অবৈধ। টাকা আদায়ের সাথে পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- খালেদা জিয়ার উপর ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে ছাত্রদলের পৃথক মিছিল সমাবেশ
- জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


