মনোনয়নপত্র প্রত্যাহার করলেন আ.লীগের তিন প্রার্থী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ পরিবারের তিনজন প্রার্থী। প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তোঘলক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবির ও পাইকুরাটি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাফায়েত তালুকদার।
তোঘলক আহমেদ ধর্মপাশা সদর ইউনিয়ন, নাদিম কবির সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সাফায়েত তালুকদার পাইকুরাটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্ব স্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ওই তিনজনসহ দলের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে দলের বিরুদ্ধে নির্বাচন না করার জন্য আহ্বান জানান। সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে ওই তিন প্রার্থী স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেন। রোববার তাদের এ আবেদন গৃহীত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫৮ জনের মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামী ৫ জানুয়ারি ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তোঘলক আহমেদ বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধা পরিরবারের সন্তান হিসেবে দলের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘দলের বিরুদ্ধে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছি। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় তাঁদের ধন্যবাদ জানাই। যারা এখনো দলের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাঁদের ব্যাপারে পরবর্তীতে দলীয় ফোরামে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’