মনোনয়ন তদবিরে প্রার্থীরা-আ.লীগের ৬ সম্ভাব্য প্রার্থী’র দলীয় মনোনয়নের আবেদন

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী সম্ভাব্য ৬ প্রার্থী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা দিয়েছেন। এরা হলেন- ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, নুরুল হুদা মুকুট, অ্যাড. সাইদুর রহমান হায়দার চৌধুরী, অ্যাড. আসিক আলী, চঞ্চলা রানী দাস ও অমল কর। আজ শুক্রবারও দলীয় মনোনয়ন পেতে আবেদনের সময়সীমা রয়েছে। তবে প্রার্থী হতে আগ্রহী আর কারো নাম সুনামগঞ্জে আলোচনায় নেই।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসিন্দা। জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক। আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে পরিচিত ব্যারিস্টার ইমন বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও পেয়েছিলেন। ঐ সময় জেলা পরিষদের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন ইমন। পরে এরশাদের জাপাকে এই আসনটি ছেড়ে দেওয়ায় ব্যারিস্টার ইমন দলীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন। শেষে আবারো তাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়।
নুরুল হুদা মুকুট। সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসিন্দা। প্রায় ১৯ বছর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ব্যবসায়ী ও রাজনীতিক নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন। এফবিসিসিআই’র নির্বাচিত পরিচালকও ছিলেন।
অ্যাড. সাইদুর রহমান হায়দার চৌধুরী লিটন। শহরের উকিলপাড়ার  বাসিন্দা। আওয়ামী লীগ পরিবারের সন্তান সাবেক এই ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন প্রায় ১৯ বছর।
অ্যাড. আসিক আলীও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের বাসিন্দা। আসিক আলীকে জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। সংগঠনের জেলা কমিটির কোন পদে কখনোই ছিলেন না তিনি।
চঞ্চলা রানী দাস। যুক্তরাজ্যে পরিবারসহ বসবাস করেন তিনি। সিলেট জেলা কর্মজীবী লীগের সাবেক সহসভাপতি চঞ্চলা কর্মজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদক।
অমল কর। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অমল কর তাহিরপুর সদরের বাসিন্দা হলেও সুনামগঞ্জ শহরের বাঁধন পাড়ায় বসবাস করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য এই ৬ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আবেদন করলেও দুই হেভিওয়েট প্রার্থী নুরুল হুদা মুকুট ও ব্যারিস্টার ইমনকে ঘিরেই বিভক্ত জেলার ৮৭ ইউনিয়ন, ৪ পৌরসভা ও ১১ উপজেলার প্রতিনিধিরা।