মন্তব্য প্রতিবেদন-হগদাখাইড়ী!

আবুল কাশেম চৌধুরী
পড়ন্ত বিকেলেও অসহ্য গরম। মনি সিনেমা হলের অতীন্দ্রর চায়ের টেবিলে বসে আছি। কি করব বুঝে উঠতে পারছি না। এমন সময় পরিচিত বন্ধু রফিনগরের হাফিজ নুরুল হক এসে বলল, কৃষকের নামের তালিকায় ‘ব্যবসায়ি’ কেমন করে হয়। কাছেই পায়চারি করা কথার যাদুকর সুজানগরের আব্দুর রব মামা আমাদের আলাপচারিতায় যোগ দিয়ে পত্রিকায় চোখ বুলিয়ে জানালেন, আমি মুর্খ-সুর্খ লোক, মধ্যস্বত্বভোগী কথাটি অনেকবার শুনলেও এর মর্মার্থ আজও বুঝলাম না।
(আমাদের কথা-বার্তা দিরাইয়ের আঞ্চলিক ভাষায় হচ্ছিল, সহজভাবে বুঝার সুবিধার্থে কথ্য ভাষায় লিখছি)। এতক্ষণে এলাকার প্রখ্যাত ‘রাজনীতিগন্ধী’ ভাগিনা এনামুল এসে বলল, গরমে গরম কাটে- চা খাওয়ালে এর ব্যাখ্যা আমি দিতে পারি। সকলের সম্মতির পর ভাগিনা এনামুলের বচন শুরু হলো ঃ- কষ্ট করে একজনে, লাভ খায় আরেক জনে। আব্দুর রব মামা বললেন, এটা কেমনে সম্ভব ? ভাগিনা বললো এটা আমার মতো যাচ্ছে তা-ই লোকের কথা না-কি। এ কথাতো বলেছেন, শাল্লা উপজলা কৃষি কর্মকর্তা মহোদয়। কৃষক অগ্রহায়ন-পৌষ দু’মাস হাওরে চাষবাস করে ধান ফলায় এবং বৈশাখ মাসে প্রখড় রোদ্রে মাথার ঘাম পায়ে ফেলে সোনালী ফসল ঘরে তোলে। এবার তো মাঠে মারা গেছে কৃষকের সব স্বপ্ন। অকাল বন্যা, শিলাবৃষ্টি আর জলাবদ্ধতায় শতকরা ৬০ ভাগ কৃষক হারিয়েছেন ক্ষেতের ফসল। যারা সামান্য ধান ঘরে তুলেছিলেন, তারাও সেগুলো ধরে রাখতে পারেন ন্ িঋনের টাকাসহ পরিবারের খরচাপাতি মেটাতে গিয়ে। অথচ অন্তত মাসেক আগে সরকারের কাছে ধান বিক্রি করতে পারলে ধান চাষ করে লোকসানের বোঝা কিছুটা হলেও লাঘব হতো তাদের। আব্দুর রব মামা বললেন, আরে বাবা ঘোরাইয়া প্যাচাইয়া না খইয়া সুজাভাবে খও দেখি। যেমন ধরুন কাটা-মাড়াই শেষে ধান বাড়ি আনলেই দেড়া টাকা (চড়া সুদের টাকা) পরিশোধের জন্য মধ্যস্বত্বভোগী নামের গ্রাম্য মহাজনরা প্রতিনিয়ত তাগিদ দেয়। অবুজ ছেলে-মেয়েরা বায়না ধরে নতুন কাপড়-চোঁপড়, আম-কাঠাঁল কিনে দিতে। যে কারণে একান্ত বাধ্য হয়েই কৃষককে তাড়াতাড়ি করে সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক দামে ধান বিক্রি করতে হয়। দয়া পরায়ণ সদাশয় সরকার এ সব বুঝতে পেরে এবার আগাম (মে মাসর ৫ তারিখ থেকে) প্রতি মণ ধান ৯২০ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘোষণার এক মাস পরও কোনো কৃষক খাদ্য গুদামে গিয়ে এক ছটাক ধানও বিক্রি করতে পারেন নি। এ সুযোগে এলাকার ব্যবসায়িরা অর্ধেক দামে কৃষকের কাছ থেকে ধান কিনে নিয়ে আসে। এবং এলাকার প্রভাবশালীদের সহায়তায় বিনা বাধায় সরকারি গুদামে  বিক্রি করে। দাত বের করে হাসতে হাসতে আব্দুর রব মামা এবার বলে উঠলেন, ও বুঝছি ‘হগদাখাউড়ী’। ছোট থাখতে তাড়লের গাঙ্গে দেখতাম, পানিখাউড়ী ডুব দিয়া মাছ ধইরা গলা বের খরলেই  আসের মতো দেখতে হগদাখাউড়ী ছুঁ মাইরা লইয়া যাইতো। হায়রে কৃষক–।
লেখক: সভাপতি, জাগো দিরাই