মন্ত্রী পরিষদ সচিব তিনদিনের কর্মসূচিতে সুনামগঞ্জ আসছেন

স্টাফ রিপোর্টার
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ সফিউল আলম আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপি বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সুনামগঞ্জে আসছেন। জেলা প্রশাসন আয়োজিত তিনদিনের কর্মসূচিতে স্যোশাল মিডিয়া সংলাপ, শুদ্ধাচার কৌশল ও ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। মন্ত্রী পরিষদ সচিবের সাথে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্মসূচিতে আসবেন।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সুনামগঞ্জের তিন দিনের কর্মসূচি সফল ও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সহকারি কমিশনার মনিরুল হাসান, সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিক, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীগণ।
সাংবাদিকদের সাথে মতমিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, মন্ত্রী পরিষদ সচিব সহোদয় তিনদিনের কর্মসূচিতে আজ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জে আসবেন। প্রথম দিন বৃহস্পতিবার বিকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সেবা চত্ত্বর ও রেডিও সুনামগঞ্জ এর উদ্বোধন করে মতবিনিময় করবেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় শহরে স্থাপন করা ৩২টি সিসি ক্যামেরা উদ্বোধন করবেন ও জেলা শিল্পকলা একাডেমীতে স্যোসাল মিডিয়া সংলাপে কথা বলবেন। সংলাপে জেলা গণমাধ্যমকর্মী ও নাগরিক সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি। জেলার সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে তাঁর সাথে কথা বলা যাবে।  দ্বিতীয় দিন শুক্রবার সকালে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রিপরিষদ সচিব। দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে বিষয়ভিত্তিক ইনোভেশন সার্কেলে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ইনোভেশন সার্কেলে বিভাগের ১৫ জন ৬০ জনসহ ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। পরে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। শনিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর দর্শন ও গ্যালারির উদ্বোধন ও জেলা ক্রীড়া সংস্থায় স্থাপন করা আধুনিক ব্যয়ামাগারের  উদ্বোধন করবেন তিনি।