মরমীকবি এলাহীবক্স মুন্সীর জন্মদিন পালন- তিনি অনুসরণীয় -দেবজিৎ সিংহ

স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, ‘লোককবিদের উর্বর জায়গা সুনামগঞ্জ। এখানে অনেক লোককবি সৃষ্টি হয়েছেন। এইসব লোক কবিদের মধ্যে এলাহীবক্স মুন্সিও একজন। তিনি সমাজ সংস্কারের আন্দোলন করেছেন। স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেছেন। তিনি জীবদ্দশায় শিক্ষা প্রসারে নিজে পাঠদান করেছেন। জীবিত থাকলে নারীশিক্ষা বৃদ্ধিতে, বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করতেন তিনি। আজ আমরা এলাহীবক্স মুন্সীর কর্মগুলিকে অনুসরণ অনুকরণ করলে সমাজ অনেকটা এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। আপনারা যাঁরা গ্রামে-গঞ্জে এলাহীবক্স মুন্সীর গান গেয়ে ফিরেন, তাঁরা এলাহীবক্স মুন্সীর কর্মকে অনুসরণ করে সমাজ সংস্কার বিষয় ও শিশুশিক্ষা বিষয়ে প্রচারণা দেবেন। এতে সমাজ অনেকটা এগিয়ে যাবে।’ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিশু একাডেমির আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মরমী কবি এলাহীবক্স মুন্সীর ১৫৪তম জন্মবাষির্কীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, অনুষ্ঠানের প্রধান বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ত.ম সালেহ, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, মরমী কবি এলাহীবক্স মুন্সীর পৌত্র সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন, ‘এলাহীবক্স মুন্সী বৃটিশ শাসনামলে শিক্ষা অর্জন কাজে লাগিয়েছেন। তৎকালীন সময়ে সমাজে প্রচলিত বিভিন্ন রকমের কুসংস্কার প্রতিরোধে আন্দোলন করেছেন তিনি। ’ প্রধান বক্তার বক্তব্যে আ.ত.ম সালেহ বলেন, ‘এলাহীবক্স মুন্সীর মতো একজন সমাজ সংস্কারক সাহসী মানুষ আজকের দিনে খুবই প্রয়োজন ছিল। ইসলাম ধর্মের নামে অপপ্রচারের মাধ্যমে যারা দেশে সন্ত্রাস সৃষ্টি করে, তাদেরকে অবশ্যই শায়েস্তা করতে পারতেন তিনি।’ সভাপতির বক্তব্যে নারী নেত্রী শীলা রায় বলেন, ‘দেড়শত বছর আগে একজন এলাহীবক্স মুন্সীকে জন্ম নিয়ে দেওবন্দ ও আলীগড় মাদ্রাসায় লেখাপড়া করা খুবই কঠিন ব্যাপার ছিল। সেই সময় তিনি লেখাপড়াকে কাজে লাগিয়েছেন সমাজ তথা দেশ ও জাতির কল্যাণে। তাঁর কৃতকর্ম ও রচিত গান বাঁচিয়ে রাখা সকলের দায়িত্ব।’ আলোচনা সভায় এলাহীবক্স মুন্সীকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন এলাহীবক্স মুন্সীর পরিবারবর্গ। পরে শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার শিল্পীরা এলাহীবক্স মুন্সীর গান পরিবেশন করেন।