মরা সুরমার ভাঙ্গনের কবলে দেওয়াননগর গ্রাম- নদীর পেটে মসজিদ ঈদগাহসহ বসতঘর

শহীদ নূর আহমেদ
সুরমা নদীর অন্যতম শাখা  মরা সুরমা (কালনী) নদীর ভাঙ্গনের কবলে হুমকীর মুখে রয়েছে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়াননগর গ্রাম। নদীর গহবরে হারিয়ে গেছে শতবছরের পুরাতন দেওয়াননগর জামে মসজিদের একাংশ। নদীর বুকে বিলিন হয়েছে মসজিদের ঈদগাটিও। অবিরত ভাঙ্গছে বসত ভিটা। বিলিন হয়ে গেছে নদী পাড়ের নীলপুর যাওয়ার একমাত্র সড়কটির অংশ বিশেষ। মাথা গোঁজার একমাত্র আশ্রয়ের বসত ঘরটি হারাতে বসেছেন শতাধিক পরিবার। ভাঙ্গন রোধে তড়িৎ গতিতে প্রদক্ষেপ না নিলে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশংকা গ্রামবাসীর।
কিন্তু নদী ভাঙন কবলিত দেওয়াননগরের এই অবস্থার কোন তথ্য জানা নাই পাউবোর। তীর রক্ষায় এলাকাবাসী যদি জনপ্রতিনিধিদের মাধ্যমে লিখিত আবেদন করেন তাহলে বিষয়টি প্রকল্পের আয়তায় আনা যাবে বলে আশ্বাস দিয়েছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে দেওয়ানগরের কারখানার ঘাট থেকে নীলপুর পূর্বপাড় পর্যন্ত কয়েক কিলোমিটার জায়গা জুরে ভাঙ্গছে মরা সুরমার পাড়। নদীর পাড়ের বাঁশ ঝাড়, অসংখ্য ছোট বড় গাছ নদীগর্ভে চলে গেছে। সর্বস্ব হারাতে বসেছে  মঞ্জুর আহমদ,         
হোসেন আলী, নজির মিয়া,,শাহীনূর সহ অসংখ্য পরিবার।
ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জলিল মুন্সি নামের ৭০ বছরের এক বৃদ্ধ  বলেন, মরা সুরমার ভাঙ্গনে আমাদের গ্রামের মসজিদ, ঈদগাহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত  হচ্ছে। দিন দিন ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। প্রতিদিন কোন কোন জায়গায় নদীর পাড় ভাঙ্গছে। ধীরে ধীরে এই ভাঙ্গন ঘরবাড়ি টেনে নিচ্ছে। সরকারের সাহায্য না পেলে এই ভাঙ্গন রোধ করা অসম্ভব।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, নদী ভাঙ্গন দেওয়াননগরের প্রধান সমস্যা। বছর দশক ধরে নীলপুর থেকে দেওয়ানগর পর্যন্ত এলাকা ভাঙ্গছে। সম্প্রতি এই ভাঙ্গনের মাত্রা প্রকট আকার ধারণ করেছে। আমি দীর্ঘ ১৫ বছর পরে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দেওয়ানগরের ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্যের সাহায্য কামনা করছি। তীর রক্ষায় অচিরেই একটি প্রস্তাব পানি উন্নয়ন বোর্ডের কাছে তুলে ধরব।
এদিকে ভাঙ্গন এলাকার  ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হলেও এ তথ্য পানি উন্নয়ন বোর্ডের কাছে নেই। তথ্য না থাকায় ভাঙ্গন রোধে কোন প্রকল্প গ্রহণ করা যায়নি বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এএসডি রঞ্জন কুমার দাস।
তিনি বলেন, দেওয়াননগর নামক কোন এলাকায় নদী ভাঙ্গন হচ্ছে এ তথ্য আমাদের কাছে নেই। এলাকাবাসীর  কাছ থেকে  কোন প্রস্তাব আমরা এখনও পাইনি।তবে তীর রক্ষায় এলাকাবাসী যদি জনপ্রতিনিধিদের মাধ্যমে লিখিত আবেদন করেন তাহলে ভাঙ্গন এলাকা জরিপের মাধ্যমে বিষয়টি প্রকল্পের আয়তায় আনার জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষে নজরে আনা হবে।