মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন,‘আগামী ৩১ মার্চের মধ্যে জেলার বিভিন্ন উপজেলাকে শতভাগ মাদক মুক্ত উপজেলা ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করেছি। ভয়ানক মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আমাদের পুনরায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী ২০২১ সালে ২৬ মার্চের ভিতরে সুনামগঞ্জ জেলাকে মাদক মুক্ত জেলা ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরোও বলেন,‘আমাদের তরুণ সমাজের একটি বিরাট অংশ আজ মাদকের ভয়াবহ গ্রাসের শিকার। প্রতিটি এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরেই সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি আরো বলেন,‘মাদক নিরাময়ে চাই পরিবারের আন্তরিকতা ও পারস্পরিক ভালোবাসা। পিতা-মাতা ও অভিভাবকরাই পারেন সন্তানকে মাদকের করাল ছোবল থেকে রক্ষা করতে। পিতা-মাতারা যদি তাদের ব্যস্ত সময়ের একটি নির্দিষ্ট অংশ সন্তানের জন্য বরাদ্দ রাখেন, তাদের জীবনের জটিল সমস্যাগুলি সমাধানে মনোযোগী হন তাহলেই আমাদের সমাজে মাদক প্রতিরোধ বহুলাংশে সম্ভব। তাই প্রত্যেকটি পিতা-মাতার কর্তব্য নিজের সন্তানটি কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মেলামেশা ও খেলাধুলা করছে ইত্যাদিও খোঁজখবর রাখা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল আলম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।