স্টাফ রিপোর্টার
হাওরের ফসলহারা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে মানবিক ঐক্য গড়ার আহবান জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ‘অঙ্গীকার বাংলাদেশ’ নামের একটি পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে
মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়।
মানববন্ধন চলাকালে অঙ্গীকার বাংলাদেশের পক্ষ থেকে হাওর পরিস্থিতি মোকাবিলায় জাতীয় মানবিক ঐক্য গড়ার আহবান জানিয়ে বলা হয়, ‘অকাল ঢল অকালে নেমেছে হাওর জনপদে, রাষ্ট্র ও জনগণ দাঁড়াও এক সাথে বিপন্ন মানুষের পাশে।’
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সদস্যসচিব বিন্দু তালুকদার, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, আইনজীবী বশির উদ্দিন, সমাজকর্মী জুনেদ আহমদ, কৃষক আবদুল কাইউম প্রমুখ।


