দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে হবে। ব্যক্তি দেখে নয় প্রধানমন্ত্রীর মনোনয়নকে সম্মান দেখিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার বিকল্প কিছু নেই।
তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে নৌকা পরাজিত হলে থমকে যাবে এলাকার উন্নয়ন। স্বাধীনতা বিরোধী চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে এবং নিজ স্বার্থ ছেড়ে নৌকাকে বিজয়ী করুন।
বুধবার রাতে মান্নারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা প্রীতিশ চক্রবর্তী’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাসের পরিচালনায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসিত দাসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে করুণা সিন্ধু বাবুল এসব কথা বলেন।
নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রশীদ, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সামছুদ্দিন আহমদ মাস্টার, জেলা কৃষক লীগের সদস্য তাহের উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা হাজী মইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া, মাস্টার অসিত দাস, চিত্ত রঞ্জন চক্রবর্তী, বাবুল মিয়া, রহমত আলী, নুরমিয়া, সুবোধ দাস, বর্তমান ইউপি সদস্য দীপক দাস, সিকন্দর আলী প্রমুখ।


