স্টাফ রিপোর্টার
আদালতের মামলায় সাক্ষী দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বিবাদীরা। গত সোমবার সকালে এই হুমকি দেয়া হয়। শনিবার বিকালে মামলার সাক্ষী ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবরে আবেদন জানিয়েছেন।
সাক্ষী রতিশ চন্দ্র দে আবেদনে উল্লেখ করেছেন, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের জ্যোতি বস্ত্রালয়ের সত্তাধিকারী তিনি। বিগত ২৭ জুলাই বুধবার বিবাদীদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা দায়ের হয়। মামলা নং-৭, বর্তমানে আদালতে বিচার প্রক্রিয়াধীন আছে। আদালতে এই মামলার সাক্ষী দেন তিনি। মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে ১ আগস্ট সাচনাবাজারে রতিশ চন্দ্র দে’র ব্যবসায়ীক প্রতিষ্ঠান জ্যোতি বস্ত্রালয়ের সামনের পাকা রাস্তায় দাঁড়িয়ে বিবাদীরা তাকে ও তার পরিবার সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আশপাশের লোকজন এসে রতিশ চন্দ্র দে কে নিরাপদ স্থানে নিয়ে যান। এই ঘটনার পর থেকে বিবাদীগণ প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছেন। মামলার বিবাদীদের হুমকি থেকে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট আবেদন জানিয়েছেন রতিশ চন্দ্র দে।


