মামার পায়ের রগ কাটল ভাগ্নে

স্টাফ রিপোর্টার
এলাকার নারীদের যৌন হয়রানি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় আপন ভাগ্নের দা’য়ের কোপে গুরুতর আহত হয়েছেন মামা। রোববার রাত সাড়ে ১০ টায় সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার জেলা পরিষদের পুকুর পাড়ের পশ্চিমের বস্তিতে এ ঘটনা ঘটে। আহত মামা কবির মিয়া (২৮) মৃত তছকির আলীর ছেলে। আপন ভাগ্নে নাহিদ মিয়া (২৩) ধারালো দা দিয়ে কুপিয়ে মামা কবির মিয়ার দুই পায়ের রগ কেটে দিয়েছে।
স্থানীয় লোকজন গুরুতর আহত কবিরকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও  পুলিশ সূত্রে জানা যায়, মল্লিকপুরের জেলা পরিষদের পুকুর পাড়ের বস্তির মহিবুর রহমানের ছেলে নাহিদ মিয়া (২৩) চিহ্নিত একজন বখাটে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অপহরণের মামলা রয়েছে। সে প্রায়ই মাতাল হয়ে পাড়ার নারী ও তরুণীদের সঙ্গে অশালীন আচরণ করে। বিভিন্ন সময়ের ন্যায় রোববার রাতে সে নিজের বসত  বাড়িতে (মামার পাশের বাড়িতে) অসামাজিক কাজ করার চেষ্টা করে। এসময় তার অসামাজিক কাজে বাধা প্রদান করে ও প্রতিবাদ জানান মামা কবির মিয়া। এনিয়ে মামা কবির মিয়ার সাথে কথা কাটাকাটির জের ধরে বখাটে নাহিদ সবজি কাটার ধারালো দা দিয়ে মামা কবিরের দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো দা’য়ের কোপে কবির মিয়ার দুই পা’য়ের রগ কেটে যায়। পাড়ার লোকজন আহত কবির মিয়াকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মল্লিকপুর এলাকার স্থানীয় পৌর কাউন্সিলর আহমেদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘নাহিদ মিয়া একজন চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অপহরণ মামলা রয়েছে। সে অনেক অপরাধমূলক কাজের সাথে জড়িত। অসামাজিকতার প্রতিবাদ করায় সে তার আপন মামা কবির মিয়াকে কুপিয়েছে। কবির মিয়ার দুই পায়ের রগ কেটে গেছে। পায়ের রগ কেটে যাওয়ার তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। কবির মিয়ার অবস্থা আশংকাজনক।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি  হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘পারিবারিক ঘটনার জের ধরে আপন ভাগ্নের হাতে মামা আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নি। তবে বখাটে নাহিদকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’