সু.খবর ডেস্ক
তাসকিন আহমেদ থুতনিতে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে দাঁড়িয়ে। মেহেদী হাসান মিরাজ তাঁর চিরচেনা হাস্যোজ্বল ভঙ্গিতে। পেছনে রুবেল হোসেনের ভঙ্গি অবশ্য পুরো ‘সিরিয়াস’, দেখে মনে হচ্ছে, এই বুঝি ব্যাটসম্যানের দিকে গোলা ছুঁড়লেন! মাশরাফি বিন মুর্তজা আবার পুরোদস্তুর ‘প্রফেসর’, চশমা পরে আকাশে তাকিয়ে কী যেন ভাবছেন! সাকিব আল হাসানের ভঙ্গিটা অবশ্য একটু মজার।
পেছনে মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম…পুরো দলের সবাই বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে। নড়ন-চড়ন নেই!
তা নিউজিল্যান্ডের সমুদ্রপাড়ে বাংলাদেশের ক্রিকেটারদের এমন ঠায় দাঁড়িয়ে থাকার মানে কি? কি আর, ম্যানিকিন চ্যালেঞ্জ!
গত কিছুদিন ধরে বিশ্বে ট্রেন্ডটা চালু হয়ে গেছে। পোশাকের দোকানের ম্যানিকিনের মতো, হঠাৎ করে সবাই ঠায় দাঁড়িয়ে যাবেন। শরীরে তো বটেই, অভিব্যক্তিতেও কোনো নড়ন-চড়ন থাকবে না। চেষ্টা থাকে চোখের পাতাও যেন না নড়ে। সেটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েও দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো গান দিয়ে।
অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিল হাই স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রী এই ‘ম্যানিকিন-চ্যালেঞ্জ’ শুরু করেন। তারপর থেকে ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। সেটিই এবার করলেন মাশরাফি-মুশফিক-সাকিবরা।
মুশফিকের অফিসিয়াল ফেসবুক পেজের সৌজন্যে পাওয়া এই ভিডিওটিতে দেখে নিন, ম্যানিকিন হওয়ার চ্যালেঞ্জে কেমন করলেন বাংলাদেশের ক্রিকেটাররা।


