মাসতুরা-মবশ্বির স. প্রা. বিদ্যালয়ে টিফিন প্রদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
‘ফুডবক্স বাংলাদেশ’ খাদ্য কর্মসূচির আওতায় সুনামগঞ্জের মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে ‘টিফিন’ দেওয়া শুরু করেছে যুক্তরাজ্যের সেবামূলক সংগঠন আবাডি মুসলিমস্। ফুডবক্স বাংলাদেশ খাদ্য কর্মসূচির আওতায় দেশের ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসব্যাপি এই টিফিন দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে এই টিফিন দেওয়া কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন      ট্রাইব্যুনালের জজ জেসমিন আরা বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুডবক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ও রাজনীতিক সুমন হক, কোরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর, ফুডবক্স বাংলাদেশের পরিচালক মিজানুর রহমান, রিলেশনশীপ ম্যানেজার সৈয়দ মাহমুদুল হাসান প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঢাকার জজ জেসমিন আরা বেগম বলেন,‘সুবিধাবঞ্চিত এলাকার অনেক শিক্ষার্থীরাই অতীতে দেশের শীর্ষস্থানীয় পদে অধিষ্ঠিত হয়েছে, ভবিষ্যতেও হবে। মাসতুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থীই হয়তোবা ভবিষ্যতে রাষ্ট্রের উচ্চপদে আসীন হয়ে এলাকার মানুষকে গৌরবান্বিত করবে। এই শিক্ষার্থীদের কেবল পড়াশুনা নয়, খাওয়া-দাওয়ার বিষয়েও আমাদের যতœবান হতে হবে’।