দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি ঘরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বরইউড়ি গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও তার নিকটাত্মীয় জালাল উদ্দিনের মধ্যে জমি-জমার বিরোধ নিয়ে মামলা চলছে। সম্প্রতি বসত বাড়ির জমির উপর আদালত ১৪৪ ধারা জারি করে। পরে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে
আদালতের রায় হয়। সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানার পুলিশ মামলার তদন্তে ঘটনাস্থলে গেলে এসময় প্রতিপক্ষ জালাল উদ্দিন ও তার স্বজনদের সঙ্গে মুক্তিযোদ্ধার স্ত্রী জহুরা বেগমের কথা কাটাকাটি হয়। এরই জেরে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে জালাল উদ্দিন ও তার ছেলেরা মুক্তিযোদ্ধা পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মুক্তিযোদ্ধার সন্তান জহিরুল ইসলাম (৩২), মুক্তিযোদ্ধার স্ত্রী জহুরা বেগম (৫২) আহত হন। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, প্রতিপক্ষ জালাল উদ্দিন জমি সংক্রান্ত বিরোধের জেরে ইতোমধ্যে কয়েকবার সালিশ হয়েছে। কিন্ত তারা স্থানীয় সালিশের রায় উপেক্ষা করে হয়রানীমূলক একাধিক মামলা করেছে। কয়েকটি মামলার রায় আমাদের পক্ষে আসায় এখন তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। কিছু হলেই তারা মামলার ভয় দেখাচ্ছে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন,‘পুলিশ মামলার তদন্তে গেলে এক পর্যায়ে এক পক্ষ উত্তেজিত হয়। তবে অনাকাংখিত কোনো ঘটনার সুত্রপাতের আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ বিষয়ে ঝগড়া বিবাদে না গিয়ে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি।’
- জামালগঞ্জ থেকে ‘তক্ষক’সহ তিন চোরাকারবারী আটক
- মাসতুরা-মবশ্বির স. প্রা. বিদ্যালয়ে টিফিন প্রদান কর্মসূচির উদ্বোধন


