ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারাসহ দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার এখনই সময়। সাহসিকতার সাথে সাদাকে সাদা আর কালোকে কালো বলে রচনা করুন অত্র অঞ্চলের মুক্তিযুদ্ধের প্রকৃত নতুন ইতিহাস। ওই ইতিহাস পড়ে যাতে হানাদার বাহিনী ও তাদের দোসরদের ভবিষ্যৎ প্রজন্ম আজন্ম ঘৃণা করতে পারে।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রকাশনা প্রকাশিত হতে যাচ্ছে। ওই প্রকাশনা থেকেই যাতে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে পারে এবং স্বাধীনতা বিরোধিরা যাতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আর বিকৃত না করতে পারে সেই কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি ও এ অঞ্চলের স্বাধীনতা বিরোধিদের হত্যা, নির্যাতন ও লুটপাটের চিত্রসহ সকল কর্মকান্ড তুলে ধরে ওই প্রকাশনাকে সমৃদ্ধ করতে মুক্তিযোদ্ধাদের আহবান জানান তিনি।
শুক্রবার সকালে ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংসদ কমান্ড কার্যালয়ে আয়োজিত ছাতক মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক পৌসরভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার আব্দুস সামাদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, নিজাম উদ্দিন বুলি, ফজর উদ্দিন, কবির উদ্দিন লালা, শাহাব উদ্দিন, আমির আলী বাদশা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শহিদুল ইসলাম, আবু শামীম, হুমায়ূন কবির রুবেল, সাহেব আলী, মাসুদ রানা, সাহাব উদ্দিন, মির্জা খছরু, ফিরোজ মিয়া, ছালেক মিয়া, আবুল হোসেন, উস্থার আলী, নুর উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।


