মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম জাতীয় কর্তব্য

৭ জানুয়ারি থেকে সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এই লক্ষে জেলার ১১ উপজেলায় যাচাই বাছাই কার্যক্রমের তারিখও নির্ধারণ করা হয়েছে। এ কথা অনস্বীকার্য যে, মহান স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয় অজর্নের ৪৫ বছর অতিক্রান্ত হওয়ার পর আজ অবধি আমরা একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করতে পারি নি। এটি জাতি হিসেবে আমাদের বড় ধরনের একটি ব্যর্থতা। মূলত স্বাধীনতা লাভের পর কিছু লোক যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও সার্টিফিকেট বাগিয়ে নিয়েছে তেমনি বহু মুক্তিযোদ্ধা তদবির ও যোগাযোগে ব্যর্থ হওয়ার কারণে স্বাধীনতার বেদীমূলে সাহসী ভূমিকা রেখেও একটি সার্টিফিকেটের স্বত্ব লাভ করতে পারেন নি। প্রতিটি সরকারের সময়ই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির নামে এক ধরনের হাস্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধার পরিবর্তে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাঁদের বিভিন্ন ধরনের আর্থিক সুবিধাদিও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও বাসস্থানের জন্য ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সুলভে ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। ফলত এখন একজন মুক্তিযোদ্ধা তিনি যত দরিদ্রই হোন না কেন এখন তিনি আর চরমভাবে দারিদ্রক্লিষ্ট নন। মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি এমনকি তাদের নাতি-পুতিদের জন্য সরকারি চাকুরির কোটা সংরক্ষণের বিধানটি কঠোরভাবে প্রতিপালনের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। ফলত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের প্রতি কিছু মানুষের এক ধরনের অতি আগ্রহ তৈরি হয়েছে। এরা নানা অভিসন্ধি করে একটি সার্টিফিকেট বাগানোর তালে রয়েছেন। এদের প্রতিহত করা বর্তমান সময়ের অন্যতম এক দায়িত্ব।
যুদ্ধে অংশগ্রহণের পর অনেক বীর মুক্তিযোদ্ধা কোন সার্টিফিকেটের ধার না ধেরে আপন আপন জগতে ফিরে গেছেন। দেশের জন্য যুদ্ধের বিনিময়ে কোন কিছুর প্রাপ্তিযোগ তাঁরা চিন্তায় আনেন নি। এইসব নিঃস্বার্থ দেশপ্রেমিক বীরদের খুঁজে খুঁজে বের করে তাঁদের হাতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পৌঁছে দেয়া আমাদের জাতীয় দায়িত্ব। কারণ দেশের জন্য তাঁদের বীরত্বপূর্ণ অবদানকে নতুন প্রজন্ম ও পরবর্তী বংশধরদের জানাতে হবে। ১৯৭৫ সনের মর্মান্তিক বিয়োগান্তক ঘটনার পর রাজনৈতিক উল্টো ¯্রােত প্রবাহিত হওয়া কারণে বহু মুক্তিযোদ্ধা নিজেদের আড়াল করে রেখেছিলেন। তাঁদের আড়ালের পর্দা সরিয়ে প্রকাশ্য আলোয় নিয়ে আসতে হবে। আর যারা নিতান্ত স্বার্থসিদ্ধির জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সেজে কাক হয়ে ময়ুরপুচ্ছ ধারণ করে বীরত্বের মিথ্যা তকমা গায়ে লাগিয়ে গাছেরটা খাচ্ছেন আবার তলেরটাও কুড়োচ্ছেন সেইসব অবাঞ্ছিতদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সুতরাং মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম যে একটি সুকঠিন জাতীয় কর্তব্য এটি মনে রাখতে হবে সংশ্লিষ্টদের।
যাচাই বাছাই কাজে নিয়োজিত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের এক্ষেত্রে সর্বোচ্চ দেশপ্রেমের পরিচয় দিয়ে যেকোন ধরনের অপতৎপরতার উর্দ্ধে উঠে সততার সাথে এই কাজ করতে হবে। তাঁদেরকে মনে রাখতে হবে তাঁরা এমন এক সুকঠিন জাতীয় দায়িত্বে নিয়োজিত যা একটি রাষ্ট্রের জন্ম পরিচয়ের সাথে সম্পর্কিত। এখানে কোন ধরনের বিচ্যুতি ইতিহাসে তাদেরকে নিতান্তই অবজ্ঞার পাত্রে পরিণত করতে পারে। রাত পোহালেই আমরা বিজয়ের ৪৬ তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই মহান দিবসকে সামনে রেখে আসুন সকলে শপথ নেই সঠিকভাবে এই তালিকা প্রণয়নের। বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আর বেঁচে নেই। প্রতিদিনই দেশের সর্বত্র কিছু কিছু মুক্তিযোদ্ধার জীবনপ্রদীপ নিভে যাচ্ছে। এখনও যারা জীবিত রয়েছেন তাঁরাও দীর্ঘকাল বেঁচে থাকবেন না। সুতরাং তাঁরা যাতে জীবিতাবস্থায় একটি গ্রহণযোগ্য তালিকা দেখে তৃপ্তি পান সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের আবেদন রইলো দায়িত্বপ্রাপ্তদের প্রতি।