মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে রেলপথও চাই

সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মঙ্গলবার মন্ত্রী পরিষদ বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দুইটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো। সবদিক থেকে পিছিয়ে থাকা জেলা সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি নিজের মধ্যে ধারণ করে এর বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আমাদের সজ্জন রাজনীতিক সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সংসদ সদস্য এমএ মান্নান। মন্ত্রী পরিষদ বৈঠকে তিনিই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। এজন্য আমরা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
মূলত শিক্ষার ক্ষেত্রে সুনামগঞ্জ দেশের অন্য জেলাগুলোর তুলনায় পিছিয়ে আছে। শিক্ষায় পিছিয়ে থাকার কারণে চাকুরিসংক্রান্ত জায়গায়ও সুনামগঞ্জের ছেলে-মেয়েরা ভাল সুযোগ পাচ্ছে না। শিক্ষার পরিমাণগত ও মানগত উন্নয়নের আকাক্সক্ষা সকলের। আশার কথা হলো শিক্ষা ও উন্নয়নের প্রতি অনুরক্ত প্রতিমন্ত্রী এমএ মান্নান এই আকাক্সক্ষার বিষয়টি অনুধাবন করেছেন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে লক্ষ্যপানে এগিয়ে চলেছেন। আমরা জানতে পেরেছি তাঁর উদ্যোগে জেলায় একটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়াও গতিপ্রাপ্ত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলে জেলার সার্বিক চিত্র বদলে যাবে। সুযোগ ও সামর্থের অভাবে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পারছেন না তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, এই সরকারের বর্তমান মেয়াদেই তিনি প্রতিষ্ঠান দুইটির দৃশ্যমান কাজ শুরু করার স্বপ্ন দেখেন। সরকার ও সরকার প্রধানের নিকট তাঁর যে উজ্জ্বল ও স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাতে আমাদের বিশ্বাস তিনি সফল হবেন। উচ্চ ব্যয়বহুল কুশিয়ারা সেতু স্থাপনে তাঁর সক্ষমতার বিষয়টি সকলের মনে আশার সঞ্চার করেছে।
এই জেলার বিশেষ করে জেলা সদরবাসীর আরেকটি চাহিদার প্রতি আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো সিলেট-ছাতক-সুনামগঞ্জ-ধর্মপাশা-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ। সুনামগঞ্জ জেলা রেললাইন নেটওয়ার্কের আওতায় আসবে এই আকাক্সক্ষা দীর্ঘদিনের। অনেকে নানাভাবে চেষ্টা শুরু করেছেন। আমাদের পিএসসির চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক রেললাইন স্থাপনের বিষয়ে বিশেষভাবে আগ্রহী। তিনি ইতোমধ্যে রেলমন্ত্রীর নিকট আধা সরকারি পত্রও দিয়েছেন। আমরা মনে করি রেললাইন স্থাপনের বিষয়টি জেলার দায়িত্বশীলদের সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ। কারণ এর সাথে সম্পর্ক রয়েছে সীমিত আয়ের লক্ষ মানুষের যাতায়াত সুবিধার বিষয়টি। গণপরিবহন হিসাবে রেলপথের গুরুত্ব বিশ্বব্যাপী সমাদৃত। আমাদের দেশে এই বিষয়টি উপেক্ষা করে শুধুমাত্র সড়ক যোগাযোগ স্থাপনের উপরই গুরুত্ব দিয়ে আসা হচ্ছে। এর প্রতিফল হচ্ছে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক করুণ মৃত্যু ও পঙ্গুত্ব বরণ। গেল ঈদের এক সপ্তাহে সারা দেশে তিন শ’র অধিক মানুষ মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। দুর্ঘটনার এই পরিসংখ্যানগুলো বিবেচনায় নিয়ে সড়কের উপর চাপ কমানো এখন একান্ত আবশ্যক। সিলেট-ছাতক-সুনামগঞ্জ-ধর্মপাশা-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ হলে এই অঞ্চলের শ্রমিক, শিক্ষার্থী, ক্ষুদ্রব্যবসায়ী, চাকুরিজীবীসহ সীমিত আয়ের মানুষ অল্প খরচে সারা দেশে নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি হবে। সুলভে ও দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন সম্ভব হবে। এর ফলে জেলার অর্থনৈতিক কর্মকা-ে গতিশীলতা বাড়বে।
সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের সম্ভাবনা জোরালো হওয়ার এই শুভ সময়ে আমরা রেললাইন সম্প্রসারণের বিষয়টিও প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় বিবেচনায় নিচ্ছি। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এক উজ্জ্বল ব্যতিক্রম এবং কর্মনিষ্ঠতায় আস্থার প্রতীক হয়ে এমএ মান্নান সারা দেশে সকলের শ্রদ্ধাভাজন হয়েছেন। এরকম ব্যক্তির কাছেই গণমানুষ নিজেদের স্বপ্নের কথা জানায়। আমরাও জানালাম।