মোজাহিদুলের পাশে এএসপি তাপস

স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় থাকা হতদরিদ্র শিক্ষার্থী মোজাহিদুল ইসলামকে ভর্তি সহায়তা বাবদ ১০ হাজার টাকা তুলে দিয়েছেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ। গত ১৪ অক্টোবর দৈনিক সুনামগঞ্জের খবর ও দৈনিক সমকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকা ৩ শিক্ষার্থীকে নিয়ে ‘স্বপ্ন দেখান তাঁরা’ শিরোনামে রিপোর্ট দেখে আজ (শুক্রবার) সন্ধ্যায় তাপস রঞ্জন ঘোষ মোজাহিদুল ইসলামের হাতে ভর্তি ফি’র জন্য এই টাকা তুলে দেন।
দাখিল-আলিম কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে     
উত্তীর্ণ (মেধাক্রম ১৮৫) হয়েছেন  মোজাহিদুল ইসলাম। চার বোন এক ভাইয়ের সংসারে দ্বিতীয় সন্তান মোজাহিদুলের বাবা মতিউর রহমান সাত বছর আগে মারা গেছেন। তখন থেকেই থেকেই মা জাকিয়া বেগম ইটভাটার শ্রমিক। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পেলেও ভর্তি পরীক্ষার টাকাসহ খরচ চালানো নিয়ে চিন্তিত ছিলেন মা জাকিয়া বেগম।
সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন,‘মানবিক দায়বদ্ধতা থেকে মোজাহিদুলকে সহায়তা দিয়েছি। তাকে বলেছি, সে যখন প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী হবে, তখন একইভাবে যেন দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ায়’।