মোটরসাইকেল ধর্মঘট দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার
সদর  উপজেলা সাচনাবাজার সমবায় মোটরসাইকেল মালিক সমিতির ডাকে বুধবার দিনব্যাপী মোটরসাইকেল ধর্মঘট পালন করেছে সুনামগঞ্জ-সাচনাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সড়কে মোটরসাইকেল চালকরা। নির্দিষ্ট স্টেশন স্থাপন, সন্ত্রাসী কার্যকলাপ এবং পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেন তারা।
ধর্মঘটচলাকালে কোন মোটরসাইকেল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এসময় সাচনাবাজার, বিশম্ভরপুর, তাহিরপুর সড়কে  
চলাচলকারী সিএনজি ও লেগুনা চলাচল প্রায় বন্ধই ছিল। দু’টি লেগুনা সিএনজি চলাচলা করতে দেখা গেলে মটর সাইকেল চালকদের বাধার মুখে পড়েন লেগুনা সিএনজি চালকরা। দিনভর আব্দুজ জহুর সেতুর দুই পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।
সাদিক নামে এক যাত্রী বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি। কোন মটর সাইকেল পাচ্ছি না। লেগুনা সিএনজিতে উঠতে চাইলে হেল্পারা বলে ধর্মঘট, গাড়ি চলবে না।’   
মোটর সাইকেল চালক রমজান আলী বলেন, ‘আমাদের দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। প্রতিনিয়ত মটরচালকদের প্রতি অত্যাচার হচ্ছে। আমাদের বসার কোন নির্দিষ্ট স্থান নেই। লেগুনা সিএনজি চালকদের অত্যাচারে আমরা অতিষ্ঠ।’
সাচনা বাজার সমবায় মটরসাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিপন বলেন, ‘মোটর সাইকেল চালকদের নির্দিষ্ট স্টেশন নেই। লেগুনা সিএনজি চালকদের কারণে যাত্রী নিয়ে শহরে যাওয়া যায় না। চালকরা আমাদের শ্রমিকদের উপর অত্যাচার করে। পাশাপাশি পুলিশ আমাদের মোটর চালকদের অযথা হয়রানি করে। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।’