স্টাফ রিপোর্টার
শহরের হাসননগরের বাসিন্দা শামীম আহমদ চৌধুরী (৬৭) মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় তাঁর হাসননগরের বাসভবনের সামনের গেইটে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেল চালক তাঁকে ধাক্কা দেয়। এসময় তাঁর পা এবং পিছনের হাড় ভেঙে যায়।
আহত শামীম আহমদ চৌধুরীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিলেটে স্থানান্তর করা হয়। তিনি ছোবহানিঘাটের ওয়েসিম ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
শামীম আহমদ চৌধুরী হাসননগরের বাসিন্দা প্রয়াত আইনজীবী রফিকুল বারী চৌধুরীর ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরীর বড় ভাই।
বেপরোয়া মোটর সাইকেলের চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে মোটর সাইকেলের চালকের সঙ্গে থাকা অন্য আরোহী শিহাব হাসান জনিও আহত হয়েছেন। তার অবস্থাও আশংকাজনক। শিহাব নতুন হাসননগরের আলী আখতারের ছেলে।


