যাত্রী হয়রানী চরমে জামালগঞ্জে পরিবহনের ভাড়া নির্ধারণের দায়িত্ব কার জানেন না কেউ!

আকবর হোসেন, জামালগঞ্জ   
জামালগঞ্জে সাধারণ যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণের কাছ থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারনের দায়িত্ব নিচ্ছেন না কেউ। বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন, সরকার নির্ধারিত ভাড়া আছে, এর বাইরে কেউ নিলে ব্যবস্থা নেওয়া হবে। মালিক সমিতি বলছেন, এখনো ভাড়া নির্ধারিত হয় নি। তাছাড়া সিএনজি চালিত যানবাহনের জন্য আলাদা ভাড়া হতে পারে।
আর জনগণ ও যাত্রীরা বলছেন, মালিক সমিতি আর বিআরটিএ বুঝি না, আমরা অতিরিক্ত ভাড়া দিতে চাই না। আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর সেই সুযোগে যত খুশী তত ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা।
দীর্ঘদিন ধরে অবহেলিত জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি, সরকারি নিয়মে ভাড়া নেওয়ার। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রতি কর্ণপাত না করে এখনো আগের মতই ভাড়া আদায় করা হচ্ছে। গত মে মাসে দ্বিতীয় বার জ্বালানী তেলের দাম কমার ফলে সরকার ভাড়াও প্রতি কিলোমিটার কমিয়ে দিয়েছে। কিন্তু ভাড়া কমেনি জামালগঞ্জ উপজেলার কোন রোডে।
বিআরটিএ থেকে গত ১৫ মের জারীকৃত পরিপত্র থেকে জানা যায়, জ্বালানী তেলের দাম কমাতে বর্তমানে প্রতি কিলোমিটারে ১.৪২ পয়সা ভাড়া।  সেই হিসেবে সাচনা-সুনামগঞ্জ সড়কে ১৯ কিলোমিটারে ভাড়া হয় ২৬.৯৮ পয়সা। কিন্তু প্রতি যাত্রীর কাছ থেকে আদায় করা হয় ৭০ টাকা। সে হিসেবে প্রতি যাত্রীর কাছ থেকে তারা ৪৩ টাকা করে বেশী ভাড়া নিচ্ছেন। লেগুনা, সিএনজি, ইমা গাড়িতে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক দিয়ে ১শত টাকা, সিএনজি লেগুনায় সাচনা সড়ক দিয়ে সুনামগঞ্জ যেতে ৭০ টাকা করে ভাড়া নিচ্ছেন পরিবহন মালিকরা। আর মোটর সাইকেলে জনপ্রতি সুরমা ব্রীজের উপর পর্যন্ত নিচ্ছেন ১শত টাকা করে। অবশ্য সুনামগঞ্জ বিআরটির পরির্দশক বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
জামালগঞ্জের সাচনা-সুনামগঞ্জ রোড চালু হয়েছে ৬ মাসেরও অধিক সময় ধরে। এই রোর্ডে দূরত্ব কমলেও চালকরা ভাড়া নিচ্ছেন আগের হারেই । বিষয়টি নিয়ে প্রতিদিনই আলোচনা আর সমালোচনা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা। যারা বিষয়টি দেখবেন তারা তাদের নিজস্ব বাহনে চলাচল করেন।
জামালগঞ্জের সাপ্তাহিক ভাটী বাংলা পত্রিকার সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি সপ্তাহের ছয় দিন জামালগঞ্জ থেকে সাচনা হয়ে সুনামগঞ্জ যাই। সাচনা থেকে সুনামগঞ্জের দূরত্ব ১৯ কিলোমিটার কিন্তু ভাড়া নেয় ৭০ টাকা। কিভাবে নেয়,কোন নিয়মে নেয়,তা আমি নিজেও বুঝতে পারি না। তিনি সরকারী নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়ার চার্ট দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সুনামগঞ্জ জেলার ইমা, লেগুনা,সুজুকি সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রুনু মিয়া বলেন,‘সাচনা-সুনামগঞ্জ সড়কে এখনো সমিতির পক্ষ থেকে ভাড়া র্নিধারিত হয় নি। এখনো রাস্তা চালু হয় নি।
বিআরটিএর সুনামগঞ্জ শাখার পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী বলেন,‘সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারের ভাড়া ১টাকা ৪২ পয়সা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।  
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ জামালগঞ্জ-সুনামগঞ্জ,সাচনা-সুনামগঞ্জ সড়কে অতিরিক্ত ভাড়ার বিষয়ে উপজেলা পরিষদে আলোচনা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’