কামরান আহমেদ
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে শহরের প্রাণকেন্দ্র কামারখাল ড্রেনের পাশ থেকে পুরাতন বাসস্টেশন সড়কে চলছে ড্রেন নির্মাণের জন্য খনন কাজ। এতে হঠাৎ করেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আলফাত স্কয়ার থেকে পুরাতন বাসস্টেশন সড়ক সহ আশেপাশের সড়কে।
সরেজমিনে বৃহস্পতিবার দেখা যায়, সম্প্রতি শহরের পুরাতন বাসস্ট্যান্ডের আলফাত ভবনের সামনে ড্রেন খননের কাজ শুরু হয়েছে। এতে আলফাত স্কয়ার থেকে থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ডে এলাকা জুড়ে যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশের সদস্যদেরও হিমসিম খেতে হচ্ছে।
কোর্ট পয়েন্ট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা জুড়ে সবসময় কম বেশি যানজট থাকে। তবে কয়েকদিন ধরে পুরাতন বাসস্ট্যান্ডে ড্রেনের কাজ চলায় যানজট আগের চেয়ে বেশি হচ্ছে। রাস্তার ড্রেনের কাজ যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে ভোগান্তি কিছুটা কমবে।
কালীবাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম জানান, আলফাত স্কয়ার থেকে এই রাস্তাটি দিয়ে শহরের সবধরনের গাড়ি চলাচল করে। আলফাত ভবনের সামনে ড্রেনের কাজ চলায় যানজট কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদি কিছু গাড়ি জামাই পাড়া রাস্তা দিয়ে চলাচল করতো তাহলে যানজট কিছুটা হালকা হবে।
সবুজ মিয়া নামে এক পথচারী বলেন, রাস্তায় ড্রেনের কাজ চলমান থাকায় যানজটের দুর্ভোগ পড়েছি আমরা। ড্রেনের কাজ তাড়াতাড়ি শেষ হলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, ড্রেনের খনন কাজ শুরু হয়েছে। নির্মান কাজ শেষ করতে ১৫ দিন সময় লাগবে।


