স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের ধনাঢ্য মনে করেন বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ। কিন্তু সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী দুই চেয়ারম্যান প্রার্থী চঞ্চলা দাস ও আহবাব হোসেন চৌধুরী নির্বাচনী হলফনামায় তাদের অর্থ সম্পদের পরিমাণ ১০ লাখ ছাড়ায়নি! তাঁদের দুই জনের চেয়ে অনেক বেশি সম্পদ হলফ নামায় উল্লেখ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। হলফনামা অনুযায়ী এই ৪ প্রার্থীর মধ্যে নুরুল হুদা মুকুটের সম্পদ বেশি।
হলফ নামায় দেওয়া তথ্যে নুরুল হুদা মুকুট উল্লেখ করেছেন, তাঁর অর্থ সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের অর্থ সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ২ হাজার ৮২২ টাকা। যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রাথী চঞ্চলা দাসের মোট অর্থ ১০ লাখ ১০ হাজার টাকা ! অপর প্রবাসী চেয়ারম্যান প্রার্থী আহবাব হোসেন চৌধুরী’র রয়েছে মোট ১ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ!
চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ী চঞ্চলা দাস নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ৩ লাখ ১০ হাজার টাকা। সম্পদের পরিমাণ নগদ টাকা ৩ লাখ ১০ হাজার, পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে ও স্থায়ী আমানতে বিনোয়োগ রয়েছে ৩ লাখ টাকা এবং ২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ন, ফ্রিজ, টিভি ও মোবাইল সামগ্রী রয়েছে ১ লাখ টাকার। ফার্নিচার রয়েছে ১ লাখ টাকার। সব মিলিয়ে তাঁর মোট অর্থ-সম্পদ ১০ লাখ ১০ হাজার টাকার।
আরেক যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী আর্থিক বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর বার্ষিক আয় কৃষিখাত, বাড়ি, এপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ও ব্যবসা থেকে ৩ লাখ টাকাসহ মোট আয় ৪ লাখ ৪০ হাজার টাকা। তাঁর অর্থ সম্পদের পরিমাণ নগদ ১ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৬৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬৮ হাজার টাকা। কৃষি জমি ১৩.৮০ একর, অকৃষি জমি ১১.৪১ একর। তবে জমির মূল্য উল্লেখ করা হয় নি।
এই দুই প্রবাসী প্রার্থীই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্য করলেও হলফনামায় যুক্তরাজ্যের কোন সম্পদের বিবরণ দেননি তারা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের বার্ষিক আয় আইন পেশা থেকে ১৭ লাখ, অন্যান্য খাত থেকে সম্মানী ভাতা ৭ লাখ ৯৩ হাজার ৩৫৩ টাকাসহ মোট ২৪ লাখ ৯৩ হাজার ৩৫৩ টাকা। নিজ নামে নগদ টাকা ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৫২২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৫ লাখ ৭ হাজার ৩০০ টাকা, বন্ড,ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানী’র শেয়ার ৬ লাখ টাকা নিজের স্বর্ণালংকার ১০ তোলা, নিজ নামে কৃষি জমি রয়েছে ৩৫ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ২১ শতক (হেবা জমি) ও রাজধানীর ধানমন্ডিতে একটি ফ্লাট বাড়ী রয়েছে। সব মিলিয়ে তাঁর মোট অর্থের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ২ হাজার ৮২২ টাকা। তবে ঢাকার ফ্ল্যাটের মূল্য ও ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্রের বিবরণী জানা যায়নি। তবে মধুমতি ব্যাংক লি.এ তাঁর ব্যক্তিগত ১ কোট টাকার ঋণ রয়েছে।
নির্বাচনী হলফ নামায় নূরুল হুদা মুকুট উল্লেখ করেছেন, তাঁর বার্ষিক আয় কৃষি খাত থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা, ফ্ল্যাট ও দোকান ভাড়া থেকে ২ লক্ষ ১৬ হাজার টাকা, ব্যবসা থেকে ৩ লক্ষ ২৫ হাজার টাকাসহ মোট ৬ লাখ ৫৬ হাজার টাকা। নিজ নামে ব্যাংকে নগদ ৮৫ হাজার টাকা, এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২৭ কোটি ২ লাখ ১৬ হাজার ৮৬০ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জ তালিকা ভুক্ত কোম্পানির শেয়ার রয়েছে ১৫ লক্ষ টাকার, বিভিন্ন ধরণের যানবাহন, মোটরগাড়ি ২৯ লক্ষ ৩০ হাজার টাকা, স্বর্ণ ও মূল্যবান ধাতু রয়েছে ৫০ হাজার টাকাসহ মোট ২৭ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। তাঁর নিজ নামে কৃষি জমির পরিমান ৭.৩৫ একর, অকৃষি জমির পরিমান ০.১৭৫একর। একটি ৪ তলা বিশিষ্ট বাড়ী ৭২০০ বর্গ ফুট ও এপার্টমেন্ট ২৭০০ বর্গফুট। সবমিলিয়ে ব্যারিস্টার ইমনসহ দুই প্রবাসীর চেয়ে অনেক গুন বেশি অর্থ সম্পদক নূরুল হুদা মুকুটের। তবে পূবালী ব্যাংকে তাঁর ৭ লাখ ৩৪ হাজার ৪৪ টাকার ঋণ রয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী বলেন,‘ আমার কোন ব্যবসা নেই। আমি এখন অবসরে আছি। এ জন্য আমি দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বাংলাদেশে আমার যতটুকু সম্পদ আছে, আমি তাই হলফনামায় উল্লেখ করেছি।’ যুক্তরাজ্যের সম্পদ প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হননি তিনি।
যুক্তরাজ্য প্রবাসী অপর প্রার্থী চঞ্চলা রানী দাস বলেন,‘হলফ নামায় আমি যুক্তরাজ্যের সম্পদের বিবরণ দিতে চেয়েছিলাম। কিন্তু জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা সম্পদের কথা উল্লেখ করলে সকল কাগজ-পত্র জমা দিতে হবে, না হয় তাঁদেরকে ৫০ হাজার টাকা দেবার দাবি করেন। পরে আমি যুক্তরাজ্যের সম্পদের বিষয়টি উল্লেখ করিনি। বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছি আমি’।
জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেন,‘প্রার্থীরা কে কীভাবে সম্পদের বিবরণ দেবে, তাঁদের বিষয়। মনোনয়ন ফরম পূরণের দায়িত্বও তাঁদের। চঞ্চলা রানী দাসের অভিযোগের ভিত্তি নেই, কোন বাস্তবতাও নেই’।


