যুক্তিবাদি হিসেবেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বি

বাউল সিরাজ উদ্দিন
পরিচিতি
বাউল সিরাজ উদ্দিনের জন্ম ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর। জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে। পিতার নাম মরহুম মো সুলতান উদ্দিন, মাতার নাম নুরেজা খাতুন। বাবা-মা’র ৩ ছেলে ও ১ মেয়ের সবার বড় বাউল সিরাজ উদ্দিন। একমাত্র তিনিই গান করছেন, অন্য ভাইরা কৃষি কাজের সাথে জড়িত। ১ মেয়ে দুই ছেলে নিয়েই বাউল সিরাজ উদ্দিনের পরিবার। মেয়ে অসুস্থ (ডিজেবল)। এক ছেলে প্রাথমিকে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে। একটানা ১ বৎসর ছিলেন বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের সাথে।  গান করেছেন বাউল কফিল উদ্দিন সরকার, বাউল আমির উদ্দিন, শফিকনূরের সাথে।এছাড়াও আসরে কমপিটিশন/মালজোরা/পালাগান করেছেন রুহি ঠাকুর, গনি সরকার, আনোয়ারা, তারাব আলী দেওয়ান, বাউল মোস্তফা, কালাম সরকারের সাথে। বাউল শাহ আব্দুর করিমের গান নিয়ে কিশোরগঞ্জের নেত্রকোণা, কুষ্টিয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, বৃহত্তর সিলেট সহ বিভিন্ন অঞ্চলে গান করেছেন। বাউল শাহ আব্দুল করিমের গান বিশ্বের দরবারে পৌঁছে দিতে লন্ডনেও গিয়েছেন ৪ বার। মাওলানা ইয়াছিন, আরফিন শাহ, সৈয়দ শাহনূর, কামাল উদ্দিন, দুর্বিণ শাহ, আমির উদ্দিন সহ অনেকের গান করেছেন। গেয়েছেন জারী, সারি, মুর্শিদি, পালাগান/মালজোরা, বিচ্ছেদ-বিরহের গান। বাউল সিরাজ উদ্দিন করিমপ্রসঙ্গ বর্ণনা করেছেন দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন বার্তা সম্পাদক সজীব দে’র কাছে। করিমের সমাজমনস্কতা ও বিদ্রোহী শিল্পীসত্ত্বার রূপটি এখানে উঠে এসেছে তাঁর নিজস্ব অভিজ্ঞতার রসে আপ্লুত হয়ে।
ফকির চিন্তা ধারার লোক ছিলেন উস্তাদ বাউল স¤্রাট শাহ আব্দুল করিম অর্থাৎ খাঁটি বাউল যাকে বলে। সেই ধরনের চিন্তা-চেতনা ধারণ করেছেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের মধ্যে সারাটি জীবন ধরে। তবে প্রতিবাদীও ছিলেন। কোন রকমের অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তাঁর সৃষ্টিকর্ম-সমগ্র জীবনের প্রতি দৃষ্টিপাত করলে, তাকালেই এ বিষয়ে আর কারো ভ্রম থাকবে না।
যাই হোক, যখন ১৫ বছর বয়স তখন থেকেই শুরু হয়েছিল আমার গানের জগতের পথচলা। প্রথম উস্তাদ ছিলেন বাউল ফছর উদ্দিন শাহ। তিনি ছিলেন কামাল উদ্দিনের শিষ্য। দিরাইয়ে উস্তাদের বাড়িতে ছিলাম ১৮ দিন । এরপর তিনি দুবাই চলে যান। অবশ্য তিন বছর পর আবার গ্রামে ফিরে আসেন। এখনও গ্রামেই আছেন।
দুবাই যাওয়ার আগে উস্তাদকে প্রশ্ন করেছিলাম,‘আপনি তো দুবাই চলে যাবেন, আমরা এখন কি করব?
উস্তাদে কইলা (বাউল ফছর উদ্দিন শাহ),‘তোমার যারে ভালো লাগে তার কাছে যাও। গানের তালিম নেও। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে।’
এরপর ১৯৮৬-৮৭ইং সালের দিকে উস্তাদ শাহ আব্দুল করিমের সাথে দেখা করি। উস্তাদকে বললাম আমি গান শিখতে চাই।
উস্তাদে কইলা,‘গান শিখতায় ভালা কথা তবে প্রত্যেকদিন একটা কইরা গান শিখন লাগব। তে অইলে এক বছরে ৩৬৫ টা আর দুই বছরে ৭০০ উপরে গান শিখা অইয়া যাইব।’
উস্তাদের কথায় সায় দিয়ে তাঁর কাছে ছিলাম টানা এক বছর। এরপর থেকে আইছি-গেছি। সঙ্গ ছাড়ছি না উস্তাদের।
অতিথিবৎসলও ছিলেন তিনি। উস্তাদের বাড়িতে কেউ গেলে বারবার জিজ্ঞাসা করতেন কোন অসুবিধা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। অতিথি বিদায়ের সময় এগিয়ে দিতেন। এরপর দাঁড়িয়ে থাকতেন যতদূর পর্যন্ত তাকে দেখা যায়।
একটি বিষয় না বললেই নয়  উস্তাদ (শাহ আব্দুল করিম) টাকা পয়সার বিষয়টি সব সময় এড়িয়ে চলতেন। কোন কিছুর প্রতি তাঁর লোভ, মোহ কিংবা আকাক্সক্ষা ছিল না। আমার স্মরণে এরকম অসংখ্য ঘটনা রয়েছে। কোনটা ছেড়ে কোনটা বলব।
একবার বাউল গানের আয়োজক পার্টির একজন আমাকে এসে বললেন,‘তাদের আসরে আমাকে গান করতে হবে এবং এজন্য আমাকে তারা ৩০০০ টাকা দিবে।’
আমি পার্টিকে বললাম,‘না ৩০০০ টাকায় অইয়ত নায়, আমারে ৫০০০ টাকা দেওন লাগব।’
পার্টি বলল,‘না আমরা ৩০০০টাকাই দিমু।’
আমি বললাম,‘তাইলে তো অইতো নায়, আমি ৩০০০টাকায় যাইতাম নায়।’
পার্টি বলল,‘আমরা বাবারে কইমু গিয়া।’
বাবা মানে উস্তাদ শাহ আব্দুল করিমের কাছে কইব। আমি কইলাম,‘কও গিয়া।’
কিছুক্ষণ পর উস্তাদ (শাহ আব্দুল করিম) আমারে ডাইক্কা কইলা,‘ও’বা তারা তোমারে তিনটা হাজার টাকা দিব, তুমি যাও না কেনে?
যাওগি। এরা আমরার ওই মানুষ। আমি তো কোন দিন কোন খানে (জায়গায়) ফুরাইয়া গেছি না। যে যত মনে হয় দিছে, না দিলেও না দিছে, মাতছি না।’
উস্তাদ বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ছিলেন মাটির মানুষ। অহংকার তাঁকে স্পর্শও করতে পারেনি। তাঁর প্রতিবাদী কন্ঠস্বর ছিলো সমাজের নানা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। এসব দেখে একবার তিনি গাইলেন,Ñ
‘কোন কাজে গেলেই বলে ঘোষ দেলা
ঘোষের লেনা দেনা ভাই, আগে গোপনে হইতো
এখন চলছে খেলামেলা
কোন কাজেই গেলে বলে ঘোষ দেলা।’
গানটি আমরাও গাইতাম বিভিন্ন জায়গায়।
উস্তাদের (শাহ আব্দুল করিম) সাথে সুনামগঞ্জ অডিটরিয়াম, সিলেট অডিটোরিয়া, শাহজালালের দরগা, শাহমালুম, সৈয়দ শাহনূরের দরগা সহ বিভিন্ন আসরে/জায়গায় গিয়েছি, গান করেছি। বাধা-বিপত্তিতেও পড়তে হয়েছে অনেকবার। এরকমই একটি ঘটনা ছিল সিলেটের কাজিরবাজারে গান গাইতে গিয়ে। ঘটনাটি ১৯৮৮-৮৯ইং দিকে। কাজির বাজারে বাউল গানের একটি আসরে। লোকগানের শিল্পী বিজিত লাল দাশ আসরে একটি গান গাওয়ার পরই মোল্লারা হামলা করে। হামলায় গানের আসর পণ্ড হয়ে যায়। রাতটি আমরা স্থানীয় জামাল উদ্দিন নামে একজনের বাসায় কাটিয়ে ফিরে আসি।   
উস্তাদের ভাবনা জুড়ে ছিল দেশপ্রেম-মাটির গন্ধ। এটাই তিনি অপূর্ব সুন্দর ও অসামান্য দক্ষতায় ফুঁটিয়ে তুলেছেন গানের মধ্যে দিয়ে। স্বাধীনতার বেশ কয়েক বছর পর দেশের বিরাজমান বিভিন্ন সমস্যা, মানুষের দু:খ-দুর্দশা নিয়ে গান করেছেন। এর চমৎকার উদাহরণ রয়েছে তাঁর এই গানে,Ñ
‘ঠেকেছে বাংলায় যারা কাংগাল
দিন গেল বিফলে মোদের দিন গেল গোলমালে
উপার্জন যারা করে তারা থাকে অর্ধাহার অনাহারে
ভাসে নয়ন জলে
রক্ত দিয়ে স্বাধীন হলাম শান্তি পাব বলে
হিতে বিপরীত ঘটালো লেজ কাটা বানরের দলে
মোদের দিন গেল গোলমালে।’
স্বচক্ষে দেখা বিভিন্ন বিষয় গানের মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিবাদ করেছেন। জাগাতে চেয়েছেন মানুষের বিবেকবোধ চৈতন্য। যাতে শোষকের হৃদয় কেঁপে উঠে। অজপাড়া গাঁয়ে থেকেও দেশ এমনকি বিশ্বের সকল খুঁটিনাটি খবরই তিনি রাখতেন। বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ছিলেন দেশ ও সমাজ সচেতন। যুক্তিবাদি বললেও অতুক্তি হবে না। কারণ যুক্তিবাদি হিসেবেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বি। সাধারণ মানুষের সাথে একাত্মতা পোষণ করে গান করেছেন ১৯৮৯-৯০ সালে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আন্দোলনের সময় সাধারণ মানুষের অনুরোধে গাইলেন,Ñ
‘অনেকে আমারে বলে গাও না একটা তেল চোরার গান
তেল চোরা নয় বিষম চোরা
সে অনেক ক্ষমতাবান
আমারে বলে গাও না একটা তেল চোরার গান।’
স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্যের জাগরণ ও সাহসী আন্দোলন দেখে আবার গাইলেন,‘
‘জনসমুদ্রে নতুন জোয়ার এলো রে
স্বৈরাচারের সিংহাসন আজ ভেসে গেল রে’
দেশের-সমাজের যখনই সংকট তখনই আব্দুল করিম বিদ্রোহের মূর্তি হয়ে ও পথ প্রদর্শক/নির্দেশক হয়ে সামনে এসেছেন। গানের মধ্যে দিয়ে মানুষকে যুক্তির সঙ্গে সঠিক পথের দিশা দেখিয়েছেন। যেমন উত্তাল সমুদ্রে ঝড়-তুফান উপেক্ষা করে কঠিন সংকল্প নিয়ে একটি নৌকার মাঝি তার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। করিম ছিলেন আমাদের কাছে তেমনিই একজন। সারা জীবনই বিরামহীনভাবে আলোকবার্তিকা জ্বালতে চেষ্টা করেছেন মানুষের হৃদয়ে। উস্তাদের (বাউল শাহ আব্দুল করিম) স্মৃতিশক্তি চলে যায় মৃত্যুর ৬-৭ বছর আগে।
লেখার ধ্যান-ধারণা, ছাত্র/শিষ্যদের শেখানোর ক্ষমতাও চলে গিয়েছিল। আমাদের কিছু উপদেশ/আদেশ দিতেন। যেই তার সাথে দেখা করতে যেত তাকেই বলতেন,-
‘আমি দোয়া করমুনে তোমার লাগি, দোয়া করমুনে।’
সারাটি জীবন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরও হৃদয় থেকে একটি শব্দই উচ্চারণ করে মানুষের মঙ্গল কামনা করতেন। সকল ভেদাভেদ ভুলে সর্ব-মঙ্গলময় মহাপুরুষ আমরা কি আর পাব ? বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ইহলোক ত্যাগ করেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার অমূল্য সৃষ্টিকর্ম। ধ্রুবতারার মত যা সবসময় আমাদের সঠিক পথে চলার নির্দেশনা দেবে, দিশা দেখাবে।