যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা সবচেয়ে বড় অপরাধী: প্রধানমন্ত্রী

সু.খবর ডেস্ক
যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার হিসেবে অভিহিত করে তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং ভোট চুরি করে যারা বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়েছে তারাই সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা মানবতাবিরোধী এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথসভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’
তিনি আরও বলেন, ‘তারা কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে…তারা জানত যে এ আল-বদর ও রাজাকাররা জনগণকে নির্যাতন করেছে, তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে।’