স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় সাড়ে তিন কোটি টাকার এমএসআর সামগ্রী (ওষুধপত্র) সরবরাহকারী নিয়োগের দরপত্র জমা দিতে বাধা প্রদান ও ছিনতাইয়ের ঘটনায় সদর উপজেলা যুবলীগ সভাপতিসহ ৫ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম এই আদেশ দেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের এমএসআর (ইডিসিএল বহির্ভূত ওষুধ), যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ ও তুলা, লিলেন, এক্সরে ক্যামিকেল- রিএজেন্ট, আসবাবপত্রসহ সহ সাড়ে তিন কোটি টাকার চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহকারী নিয়োগের দরপত্র গ্রহণের শেষ তারিখ ছিল বুধবার (১৬ ফেব্রুয়ারি)। সকাল থেকেই দরপত্রে অংশগ্রহণে আগ্রহীদের সিডিউল জমা দিতে বাধা ও দরপত্র ছিনতাইয়ে অংশ নেয় কয়েক তরুণ।
পরে সিসি টিভির ফুটেজ দেখে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা এহসানুল হক উজ্জ্বল, যুবলীগের কর্মী সামিয়ান তাজুল, তেঘরিয়ার বাসিন্দা রিগ্যান আহমদ, শহরতলির মাইজবাড়ির বাসিন্দা হামিদুর রহমান লিপন ও রাজবাড়ি জেলার পাংশার শাওন আহমদকে আটক করে পুলিশ। রাতে ভোলার চর ফ্যাশনের পাবেল মিয়া বাদী হয়ে এ ঘটনায় শহরের তেঘরিয়ার এহসানুল হক উজ্জ্বলসহ গ্রেপ্তারকৃত ৪ জনের নামোল্লেখ করে ২০-২৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর পরই জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ককে অব্যাহতি দেবার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠান।
পুলিশ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করলে আসামীদের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। আদালত শুনানী শেষে ৫ জনেরই জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট এর সিএসআই বদরুল আলম তালুকদার ৫ আসামীর জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
- ছয় টুকরো অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
- বিশ্বম্ভরপুরে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হলেন হাসনারা আক্তার


