যে সড়কের মেরামত শেষ হয় না

আকরাম উদ্দিন, ঘুরে এসে
যে সড়কের মেরামত কাজ শেষ হয় না, বছরের পর বছর লেগেই থাকে ভাঙাগড়া। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর সড়ক এবং রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও, নৈগাং ও শাহপুর সড়কে প্রতিবছর মেরামত কাজ হয়। আবার প্রতিবছরই ভাঙে সড়কের শতাধিক স্থানে। এমতাবস্থায় সড়কের ভাঙাগড়ার কাজ লেগেই থাকে সারা বছর। এই দীর্ঘ সড়কের টেকসই উন্নয়নের দাবি স্থানীয় বাসিন্দাদের।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও ও নৈগাং পর্যন্ত একাধিক স্থানে সড়কে ভাঙন এবং হাসাউড়া বাজার থেকে শাহপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন রয়েছে। এসব ভাঙা সড়কে যানবাহন ও মানুষ চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শাহাপুর গ্রামের পাশে কালভার্ট সেতুর উপর বড় আকারের একটি ভাঙন রয়েছে। এই ভাঙায় রাতের বেলায় যানবাহন চলাচলে ঘটে একাধিক দুর্ঘটনা।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ইসলামপুর এলাকা থেকে বনগাঁও, নৈগাং, হাসাউড়া ও শাহপুর যাতায়াত সড়কে সারা বছর মেরামত কাজ হয়। সড়কের আংশিক মেরামত কাজ করে ফেলে যায় ঠিকাদার। সড়কে মেরামত কাজও হয় নামেমাত্র। কোনো কোনো সময় দেখা যায় মাটি দিয়েও সড়কের ভাঙন মেরামত করা হয়। বৃষ্টি হলে মাটি গলে কাদার সৃষ্টি হয়। কোনো যানবাহন পুরাপুরি গতিতে চালনা করা যায় না। তাদের দাবি সড়কের টেকসই উন্নয়ন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, আমাদের হাসাউড়া ও শাহপুর এলাকায় ভাঙা সড়ক সবসময় থাকে। মেরামত কাজ ভালমানের হয় না। সড়কের মেরামত কাজ এক বৃষ্টিতে ধুয়ে মুছে যায়। পরে ওই ভাঙাচোরাই ভেসে উঠে সড়কে। আমাদের এলাকার সড়কের টেকসই উন্নয়ন চাই।
পথচারী সাব্বির হোসেন বলেন, আমাদের ইসলামপুর এলাকার সড়ক সারা বছর ভাঙা থাকে। আবার মেরামত কাজও হয়। সড়কে কি ধরনের মেরামত কাজ করে তা ঠিকাদারেরাই ভাল জানে। কোনো কিছু বললে সরকারী কাজে বাধা দেওয়ার মামলায় পড়ার ভয়ে কেউ কিছু বলেন না।
মটরবাইক চালক ফিরোজ মিয়া বলেন, ইসলামপুর-শাহপুর সড়কে গাড়ি চালালে ভাঙা সড়কের ঝঁাঁকুনিতে যন্ত্রপাতির অনেক ক্ষতি হয় এবং যাত্রীরাও আমাদের উপর ক্ষুদ্ধ হন।
সিএনজি চালক শাহজাহান মিয়া বলেন, ইসলামপুর-বনগাঁও, নৈগাং, শাহপুর সড়ক দীর্ঘ দশ বছরেও দেখিনি যে সড়কটির পুরো মেরামত হতে। ভাঙা গর্তে প্রায়ই দেখা যায় মাটি দিয়ে ভরাট করে মেরামত করা হয়। আমাদের দাবি সড়কটি যেন পাকাকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন হয়।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদ আহমদ বলেন, ইসলামপুর-বনগাঁও-হাসাউড়া সড়ক মেরামতের জন্য স্থানীয় এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সাহেবকে জানানো হয়েছে। আশাকরি অচিরেই সড়কের ভাল মেরামত কাজ হবে।
সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর, রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও, হাসাউড়া ও শাহপুর পর্যন্ত ভাঙা সড়ক মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে মেরামত কাজের ব্যবস্থা করা হবে।